রোহিত শর্মা কি ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে খেলবেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনেক দিন ধরেই। বিশেষ করে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জল্পনা আরও বেড়েছিল। সম্প্রতি সেই জল্পনায় নিজেই ইতি টানলেন ‘হিটম্যান’। সাফ জানিয়ে দিলেন, তিনি শুধু ২০২৭ বিশ্বকাপ খেলতেই চান না, ট্রফি জিততেই মরিয়া।
একটি অনুষ্ঠানে কেভিন পিটারসনের সঙ্গে আলোচনায় রোহিত বলেন, “আমি অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই এবং দেশকে জেতাতে চাই। ৫০ ওভারের বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। তখন টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ছিল না। চার বছর অন্তর হওয়া এই বিশ্বকাপই ছিল সবচেয়ে বড় মঞ্চ।” তাঁর কথাতেই স্পষ্ট, ২০২৩ সালের ফাইনালে হারের ক্ষত এখনও তাজা। সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করাই এখন তাঁর লক্ষ্য।
‘ভারত চায়নি’, বিশ্বকাপ ইস্যুতে ফের বিতর্কিত মন্তব্য বাংলাদেশের
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে তিনি ২০২৬ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন। তবে সেই ঘোষণার পরই প্রশ্ন উঠেছিল—তাহলে কি আর খেলবেন না? রোহিতের জবাব স্পষ্ট—তিনি খেলতে চান এবং সর্বস্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছেন।
বর্তমানে শুধু ওয়ানডে ফরম্যাটেই সক্রিয় রোহিত। ফিটনেসে বাড়তি নজর, ওজন কমানো, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা—সবই ইঙ্গিত দিচ্ছে, তিনি দীর্ঘ লড়াইয়ের জন্য তৈরি। নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থতা এলেও আত্মবিশ্বাসে ভাটা নেই।
২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে কি দেখা যাবে রোহিত শর্মাকে ট্রফি হাতে? সময়ই দেবে সেই উত্তর। তবে একটি বিষয় নিশ্চিত—অধরা ৫০ ওভারের বিশ্বকাপ জিততে তিনি এখনও সমান ক্ষুধার্ত।

