জরুরি মুহূর্তে ছবি তুলতে গেলেন বা দরকারি কোনও অ্যাপ ডাউনলোড করতে গেলেন, আর অমনি স্ক্রিনে ভেসে উঠল— ‘Storage Full’! এই যন্ত্রণার মুখোমুখি হননি, এমন স্মার্টফোন ব্যবহারকারী খুঁজে পাওয়া ভার। মেমোরি ফাঁকা করতে অগত্যা বুক বেঁধে প্রিয় ছবি বা ভিডিয়ো ডিলিট করতে হয়। কিন্তু জানেন কি, একটিও ছবি ডিলিট না করে ফোনের অনেকটা জায়গা ফাঁকা করা সম্ভব?
রইল ৪টি অব্যর্থ কৌশল:
১) ‘ক্যাশ’ (Cache) ক্লিয়ার করুন: ফোনের সেটিংয়ে গিয়ে ‘Apps’-এ ঢুকুন। এরপর ফেসবুক, ইউটিউব, ক্রোম বা ইনস্টাগ্রামের মতো ভারী অ্যাপগুলো খুলে Storage অপশনে গিয়ে ‘Clear Cache’ করুন। এতে আপনার কোনও দরকারি ডেটা বা লগ-ইন পাসওয়ার্ড মুছবে না, অথচ অনায়েসে ২-৩ জিবি জায়গা বেঁচে যাবে। (খেয়াল রাখবেন, ভুলেও ‘Clear Data’ করবেন না)।
২) হোয়াটসঅ্যাপের ‘অটো-ডাউনলোড’ বন্ধ রাখুন: হোয়াটসঅ্যাপের Settings > Storage and Data-তে গিয়ে ‘Media Auto-Download’-এর সমস্ত অপশন আনটিক (Untick) করে দিন। ফলে বিভিন্ন গ্রুপের অপ্রয়োজনীয় ‘গুড মর্নিং’ ছবি বা ভিডিয়ো নিজে থেকে ডাউনলোড হয়ে মেমোরি ভরবে না।
৩) গুগল ফাইলস ব্যবহার করুন: ফোনে থাকা এই অ্যাপটির ‘Clean’ ট্যাবে যান। এখানে এক ক্লিকেই ফোনের সমস্ত ‘Junk Files’ এবং ডুপ্লিকেট বা ডবল ছবি মুছে ফেলার অপশন পেয়ে যাবেন। (Storage Full) এটি গুগলের নিজস্ব অ্যাপ, ফলে এখান থেকে ডেটা লিকের কোনও ভয় থাকে না।
৪) অফলাইন ডাউনলোড মুছুন: ইউটিউব বা স্পটিফাইয়ের মতো অ্যাপে অফলাইনে দেখার জন্য জমিয়ে রাখা পুরনো ভিডিয়ো বা গানগুলো ডিলিট করে দিন। (Storage Full) যেহেতু এখন সবার ফোনেই ইন্টারনেট রয়েছে, তাই প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবেন।
আজকের টোটকা: ফোনের ‘Gallery’ বা ‘Photos’ অ্যাপের ‘Recycle Bin’ বা ‘Recently Deleted’ ফোল্ডারটি সপ্তাহে অন্তত একবার চেক করে খালি করুন। ছবি ডিলিট করার পরেও সেগুলো ৩০ দিন পর্যন্ত এই ফোল্ডারে ঘাপটি মেরে বসে ফোনের অনেকটা মেমোরি দখল করে রাখে।

