ফের সামনে এলো অ্যাসিড আক্রমণের ঘটনা। নিজের প্রেমিকার মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে হরিয়ানার গুরুগ্রামে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মহিলার উপর অ্যাসিড ছুড়ে মারে তাঁর লিভ-ইন পার্টনার। ঘটনার পর অভিযুক্ত পবনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ৩০ বছর বয়সি আক্রান্ত হরিয়ানার নূহ জেলার বাসিন্দা। তিনি রবিবার গুরুগ্রামের সুভাষ নগর এলাকায় মাসির বাড়িতে গিয়েছিলেন। অভিযুক্ত পবনও ওই একই জেলার বাসিন্দা এবং যুবতীকে অনুসরণ করেই গুরুগ্রামে আসে। এসে তিনি ক্রমশ দেখা করার জন্য চাপ দিতে থাকলে দু’জনের মধ্যে তীব্র বচসা হয়। অভিযোগ, সেই সময় অভিযুক্ত যুবতীকে শারীরিকভাবে আক্রমণ করে। আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে গুরুগ্রামের সেক্টর ১০-এর সিভিল লাইনস হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
পুলিশের দাবি, রাত প্রায় সাড়ে আটটা নাগাদ অভিযুক্ত হাসপাতালে পৌঁছে যায়। তারপর সেখানেই যুবতীর উপর অ্যাসিড ছুঁড়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় যায়।
ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে গুরুগ্রাম পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পাশাপাশি তদন্তের স্বার্থে আরও এক মহিলাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। দ্রুতই অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
