বিনপুরে নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার ঝাড়গ্রামের এই সভা থেকে তিনি অভিযোগ করেন, বিজেপি সংবিধান বদলের চেষ্টা করছে এবং সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিচ্ছে। একইসঙ্গে তিনি ভোটারদের উদ্দেশে বার্তা দেন—“ধর্ম নয়, কর্মের ভিত্তিতে ভোট দিন।”
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির জেরে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলেও দাবি করেন অভিষেক। তাঁর আশঙ্কা, নির্বাচনের পর রান্নার গ্যাসের দাম হঠাৎ করে অনেকটাই বেড়ে যেতে পারে। তিনি বলেন, “ভোট শেষ হলেই গ্যাসের দাম ২০০০ টাকা এবং পেট্রল-ডিজেলের দাম ২০০ টাকা পর্যন্ত বাড়াতে পারে কেন্দ্র।”
এদিনের সভায় রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করে জানান, সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১,৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির মহিলারা ১,৭০০ টাকা করে পাচ্ছেন। আগামী পাঁচ বছরে একজন সাধারণ মহিলা প্রায় ৯০ হাজার টাকা এবং সংরক্ষিত শ্রেণির মহিলারা ১ লক্ষ ২ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বলেও দাবি করেন তিনি।
অভিষেকের কথায়, এই নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের লড়াই নয়, বরং মানুষের অধিকার ও উন্নয়ন বজায় রাখার লড়াই। তিনি বলেন, তৃণমূল সরকার থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে, অন্যথায় সেই প্রক্রিয়া থমকে যেতে পারে।
বিজেপি প্রার্থী নিয়েও কটাক্ষ করেন তিনি। বিনপুরের প্রার্থী স্থানীয় নন বলে দাবি করে অভিষেক বলেন, এলাকার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। অন্যদিকে তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদাকে ‘ভূমিকন্যা’ আখ্যা দিয়ে তাঁর জয় নিশ্চিত বলেও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

