মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময়ে টোটো দুর্ঘটনায় আহত দুই পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে ডুয়ার্সের চালসা-মেটেলি রাজ্য সড়কের চালসা রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের নাম অনন্যা তালুকদার ও মৃত্তিকা মজুমদার। তারা দু’জনেই মেটেলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল চালসা গয়ানাথ বিদ্যাপীঠ।
মঙ্গলবার সকালে অনন্যা ও মৃত্তিকা তাদের অভিভাবকদের সঙ্গে একটি টোটোয় চেপে মেটেলি থেকে চালসার দিকে যাচ্ছিল। চালসা রেলগেট সংলগ্ন এলাকায় পৌঁছনোর সময় টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আচমকা দুর্ঘটনায় টোটোতে থাকা পরীক্ষার্থী ও অভিভাবকেরা ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় মেটেলি থানার পুলিশ ও মাধ্যমিক পরীক্ষার কর্তব্যরত আধিকারিকরা। চিকিৎসকেরা আহতদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।
চিকিৎসা শেষে অনন্যা তালুকদারের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরে পরীক্ষার গুরুত্ব বিবেচনা করে প্রশাসনের সহযোগিতায় তাকে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। সে নির্ধারিত সময়েই পরীক্ষায় বসে।
অন্যদিকে মৃত্তিকার আঘাত তুলনামূলকভাবে গুরুতর হওয়ায় তাকে হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়। তবে তার পরীক্ষার সুযোগ যাতে নষ্ট না হয়, সেই জন্য মাধ্যমিক পরীক্ষার নিয়ম অনুযায়ী হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। কর্তব্যরত পরীক্ষক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে সে উত্তরপত্র লিখতে সক্ষম হয়। এই দুর্ঘটনায় বড় কোনও ক্ষতির হাত থেকে বাঁচলেও পরীক্ষার দিনে এমন ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রশাসনের তরফে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসার বিষয়টি নজরে রাখা হয়েছে।










