বাংলায় নতুন সরকার গঠনের পর শিল্প ও স্বাস্থ্য পরিকাঠামোয় বড় বিনিয়োগ টানার লক্ষ্যে একের পর এক উদ্যোগ নিচ্ছে রাজ্য প্রশাসন। সেই আবহেই এবার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় প্রকল্প নিয়ে এগিয়ে এল আদানি গোষ্ঠী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কলকাতার লাগোয়া নিউ টাউনে ২,০০০ শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তুলতে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে আদানি গ্রুপ। হাসপাতালের মোট ২,০০০ বেডের মধ্যে ১,০০০টি আর্থিকভাবে দুর্বল ও দরিদ্র রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার উদ্দেশ্যে সংরক্ষিত থাকবে। বাকি ১,০০০টি শয্যা বাণিজ্যিক পরিষেবার জন্য ব্যবহার করা হবে। (Adani New Town Hospital)
শনিবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে আলিপুর সিটিজেনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে শহরের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক মহলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। গত দুই মাসে নতুন সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে গিয়েই শুভেন্দু অধিকারী জানান, স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহ দেওয়া হচ্ছে এবং সেই লক্ষ্যেই এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।(Adani New Town Hospital)
তবে হাসপাতাল নির্মাণে মোট কত টাকা বিনিয়োগ করা হবে, কবে থেকে কাজ শুরু হবে কিংবা প্রকল্পটি সম্পূর্ণ হতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। সরকার সূত্রে শুধু জানানো হয়েছে, প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা পরবর্তী সময়ে জানানো হবে। (Adani New Town Hospital)
উল্লেখযোগ্যভাবে, পূর্ববর্তী সরকারের আমলে তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণে আদানি গোষ্ঠীর আগ্রহ প্রকাশ করলেও সেই প্রকল্প বাস্তবায়নের মুখ দেখেনি। এবার নতুন সরকারের আমলে স্বাস্থ্য ক্ষেত্রকে কেন্দ্র করেই সংস্থার নতুন বিনিয়োগের আগ্রহ সামনে এসেছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, রাজ্যে প্রয়োজনীয় পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং উন্নয়নের সুযোগ রয়েছে। বিনিয়োগকারীরা নির্দিষ্ট প্রকল্প, জমির প্রয়োজন ও অন্যান্য সহযোগিতার প্রস্তাব নিয়ে এগিয়ে এলে রাজ্য সরকার সর্বতোভাবে পাশে থাকবে। তাঁর কথায়, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পোন্নয়ন এবং অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।(Adani New Town Hospital)
আরও পড়ুন :- হকারদের জন্য মানবিক মুখ্যমন্ত্রী, পুজো পর্যন্ত উচ্ছেদ নয়, স্বস্তিতে হকার সংগঠন

