পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর এবার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। বৃহস্পতিবার মমতার কালীঘাটের বাড়িতে গিয়ে দেখা করেন অখিলেশ। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এদিন মমতার সঙ্গে সাক্ষাৎকারে অখিলেশ যাদব তাঁকে বলেন, “দিদি, আপনি হারেননি।” আর এই খবর সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে আসন চুরি এবং কারচুপির মতো একাধিক অভিযোগ এনেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের সাংবাদিক বৈঠকেও তিনি বলেছিলেন, ‘আমি হারিনি, তাই পদত্যাগ করব না।’ এরই মধ্যে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) এই বার্তায় ফের একবার ভোট কারচুপির প্রশ্ন উঠছে।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বড় জয় পেয়েছে বিজেপি। দুই তৃতীয়াংশেরও বেশি আসন দখল করে এবার বাংলায় নতুন সরকার গড়তে চলেছে পদ্মা শিবির। এই নির্বাচনে ২০৭ টি আসন পেয়ে জয়ী হয়েছে বিজেপি। এমনকি মমতা নিজের ঘর ভবানীপুরেও শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন।
তবে ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। তৃণমূলের তরফে ভোটে অনিয়ম, ইভিএম কারচুপি এবং ভোটার তালিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। যদিও নির্বাচন কমিশন সেই অভিযোগ মানতে নারাজ।
এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের বিধায়কদের নিয়ে বৈঠকও করেছেন। পরবর্তীতে ইন্ডিয়া জোটকেও আরও শক্তিশালী করার কথাও জানিয়েছেন তিনি এই পরিস্থিতিতে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) কলকাতা সফর এবং মমতার প্রতি তাঁর সমর্থনের বার্তা নতুন করে জল্পনা তৈরি করেছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির বিরুদ্ধে ভবিষ্যতের লড়াইয়ে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় বাড়ানোতেই এখন জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

