আবারও শহর কলকাতায় আগুন। আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন (Alipore Fire)। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। বুধবার সকাল ১০টা নাগাদ আগুন লাগে। ভিতর থেকে পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন আরও ছড়িয়ে পড়ে। দমকলের অন্তত ১০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত দেয়। যদিও আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে। বহুতলে আটকে থাকা সকলকে নামানো সম্ভব গেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে অনুমান, এসির শর্টসার্কিটের কারণে আগুন লাগে। জানা গিয়েছে, আগুনের উৎসস্থল ভবনের চতুর্থ তলে। তারপরই দ্রুত বহুতলে ছড়িয়ে ছড়িয়ে যায়। আগুন ভবনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় সিঁড়ি দিয়ে উঠতে পারেননি দমকলের কর্মীরা। উপায় না পেয়ে বাধ্য হয়েই জানলার কাচ ভাঙেন দমকলকর্মীরা। সেখান থেকেই হোস পাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু করেন। এই পরিস্থিতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা (Alipore Fire)। অনের নথি পুড়ে ছাই হয়ে যায়। অনেকের মতে অফিস শুরু হয়ে গেল ক্ষয়ক্ষতি আরও বাড়ত।
আলিপুরে জেলা পরিষদের দফতরের আশেপাশে রয়েছে আরও বেশ কয়েকটি সরকারি দফতর। সেই ভবনগুলিতেও দ্রুত আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশেই একটি ভবনে বেশ কয়েকজন রং মিস্ত্রি কাজ করছিলেন। তাঁদের দড়ি দিয়ে নীচে নামিয়ে আনা হয়।
এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি সামাল দিতে দমকলের সঙ্গে কাজ করছে আলিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার স্বার্থে আপাতত সাধারণ মানুষের জন্য ওই এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে।

