ভোটের পর রাজনৈতিক হিংসার ঘটনা অব্যাহত। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। বিজেপিকে ভোট দেওয়ার অভিযোগে এক বিজেপি কর্মীর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, আক্রান্তের পরিবারের মহিলাদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মেছেদার দোলুই পাড়ার। আক্রান্ত বিজেপি কর্মীর নাম রাজু মণ্ডল। অভিযোগ, গত ৬ তারিখ রাতে ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন রাজু। সেই সময় তিনি দেখতে পান, রাস্তার উপর কয়েকজন যুবক বসে মাদক সেবন করছে। রাস্তা ছেড়ে দিতে বললে অভিযুক্তরা তা মানতে অস্বীকার করে। উল্টে রাজুকে ধাক্কাধাক্কি শুরু করে বলে অভিযোগ। (Attack on BJP Supporter)
রাজুর দাবি, সেই সময় তাঁকে লক্ষ্য করে অভিযুক্তরা প্রশ্ন করে, “বিজেপিকে কেন ভোট দিয়ে আবির মেখে বাড়ি গিয়েছিলি?” কোনওমতে সেখান থেকে বাড়ি ফিরে যান তিনি। কিন্তু সেখানেই শেষ হয়নি ঘটনা।
অভিযোগ, কিছুক্ষণ পর ওই যুবকেরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে রাজু মণ্ডলের বাড়িতে চড়াও হয়। তাদের হাতে ছিল ধারাল অস্ত্র। বাড়ির গ্রিল ভেঙে ভিতরে ঢুকে রাজুকে বেধড়ক মারধর করা হয় এবং কাঠারি দিয়ে কোপ মারা হয়। রাজুর স্ত্রী ও মেয়ে তাঁকে বাঁচাতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি বাড়ির মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও দাবি পরিবারের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর জখম অবস্থায় রাজুকে কোলাঘাট খড়িচক হাসপাতালে ভর্তি করা হয়। রাজু জানান, কাঠারির কোপ তাঁর কানে লেগেছে। বর্তমানে গোটা পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। (Attack on BJP Supporter)
এই ঘটনায় স্থানীয় কোলাঘাট থানায় ৭ জনের নামে FIR দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন রাজু ও তাঁর পরিবার।

