Site icon Hindustan News Point

BANK SHOOTOUT : দিনে দুপুরে গুলি ব্যাঙ্কে! জখম শিশু-সহ ৫ জন, কে চালালো গুলি?

bank

খোদ ব্যাঙ্কের মধ্যেই চলল গুলি। শিশুসহ আহত ৫ জন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লক এর বিধাননগর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। প্রথমে আহতদের নিয়ে যাওয়া হয় বিধাননগর গ্রামীণ হাসপাতালে পরে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও নির্দিষ্ট সময় খোলে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। স্বভাবতই ব্যাঙ্কে ভিড় ছিল গ্রাহকদের, আর ঠিক সেই সময় হঠাৎই গুলির আওয়াজে কেঁপে ওঠে ব্যাঙ্ক। দেখা যায় আচমকা ব্যাঙ্কের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীর কাছ থেকে তার আগ্নেয়াস্ত্রটি পড়ে যায় এবং তা থেকে গুলি বের হতে থাকে। আর সেই গুলির আঘাতেই আহত হন ৫ জন। জখমদের মধ্যে রয়েছে দুই মহিলা, দুজন পুরুষ এবং এক শিশুও। BANK SHOOTOUT

প্রাথমিকভাবে গ্রাহকসহ ব্যাঙ্ককর্মীরা ভেবেছিলেন ব্যাঙ্কে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। তবে পরে দেখা যায় ব্যাঙ্কের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী সেই সময় ভিতরে এসেছিলেন এবং অসাবধানতাবশত তার হাত থেকে বন্দুকটি পড়ে যায় এবং গুলি বেরিয়ে আসে। এর ফলেই দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান ফাঁসিদেওয়া বিধাননগর থানার পুলিশ। ঘটনার সময় ব্যাঙ্কের ভিতরে থাকা গ্রাহকদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। BANK SHOOTOUT

আপাত দৃষ্টিতে সহজ সরল ঘটনাটির পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এর পরেই ব্যাঙ্কের ওই শাখায় পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কর্মী ও গ্রাহকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Exit mobile version