কলকাতা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ এগিয়ে নিয়ে যেতে আপাতত বন্ধ করা হলো বাঁকড়া মসজিদে নামাজ পড়া। ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ বা বাঁকড়া মসজিদটি স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। সেই কারণেই শনিবার থেকে বিমানবন্দরের ভিতর দিয়ে মসজিদে যাওয়ার জন্য দেওয়া এন্ট্রি পাস বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে আপাতত সেখানে নামাজ পড়াও স্থগিত রাখা হয়েছে।
শনিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার। তিনি মসজিদ কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। পরে সাংবাদিকদের জানান, বিমানবন্দরের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, নিয়মিত নামাজ পড়তে আসা অধিকাংশ মানুষ এই পদক্ষেপকে সমর্থন করেছেন। তিনি সকলের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানান এবং এই বিষয়টি নিয়ে কোনও ধরনের উসকানি বা অশান্তির পরিবেশ তৈরি না করার জন্যেও আহ্বানও জানান। (Bankra Mosque Dum Dum Airport)
প্রায় ১৩৬ বছর আগে গড়ে ওঠা গৌরীপুর জামে মসজিদটি দমদম বিমানবন্দরের ভিতরেই অবস্থিত। বিমানবন্দরের দুটি রানওয়ের মধ্যে অপেক্ষাকৃত ছোট বা দ্বিতীয় রানওয়ের একেবারে কাছাকাছি রয়েছে এটি। বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য, মূল রানওয়েতে রক্ষণাবেক্ষণের কাজ চললে দ্বিতীয় রানওয়েই ব্যবহার করতে হয়। কিন্তু মসজিদের অবস্থানের কারণে বড় বিমানের ওঠানামা এবং ভবিষ্যতে রানওয়ে সম্প্রসারণের কাজে দীর্ঘদিন ধরেই নানা সমস্যা তৈরি হচ্ছিল। পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও ব্যাহত হচ্ছিল।
দীর্ঘদিন ধরেই এই সমস্যা নিয়ে আলোচনা চলছিল। তবে কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সম্প্রতি উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরের বিধায়ক ও মসজিদ কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক হয়। তার পরদিন একটি বিশেষ দল গিয়ে মসজিদটি পরিদর্শন করে। পরে বিমানবন্দর নিরাপত্তা কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানেই ঠিক হয়েছিল, ইদ শেষ হওয়ার পর ১৩৬ বছরের পুরনো এই মসজিদের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। (Bankra Mosque Dum Dum Airport)
আগস্টেই রাজ্যে UCC, বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে ৯ সদস্যের কমিটি গড়ল সরকার
এতদিন বিরাটির দিকের একটি নির্দিষ্ট গেট দিয়ে আধার কার্ড দেখিয়ে নিরাপত্তা পরীক্ষার পর মসজিদে প্রবেশের অনুমতি মিলত। এরপর বিমানবন্দরের ভিতরে দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছাতে হতো মসজিদে। শনিবার থেকে সেই প্রবেশের ব্যবস্থাই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তারক্ষী।
অন্যদিকে, মসজিদ কমিটিও আগেই স্পষ্ট জানিয়েছিল, তাদের কারণে বিমানবন্দরের কাজ বা নিরাপত্তায় কোনও রকম বিঘ্ন ঘটুক, তারা তা চান না। কমিটির দাবি, বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের বাইরে আরও বড় একটি নতুন মসজিদ নির্মাণের প্রস্তাবও দিয়েছেন। (Bankra Mosque Dum Dum Airport)

