অবশেষে সব প্রতীক্ষার অবসান। শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত গড়াল এসি লোকাল ট্রেনের চাকা। সোমবার প্রথম এসি ট্রেনে চেপে যাত্রা শুরু করলেন এই রুটের যাত্রীরা। প্রথম দিনেই সওয়ার হওয়ার উদ্দীপনা চোখে পড়ার মতো। ট্রেনের প্রতিটি কোচেই উপচে পড়া ভিড় (Barasat Ac Local)।
রেল সূত্রে খবর, সোমবার সকাল ১১টা ২৯ মিনিটে বারাসত স্টেশন ছাড়ে বারাসাত-শিয়ালদহ গামী এই নতুন এসি ট্রেনটি। রেলের তরফে জানানো হয় এই ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রামে স্টোপেজ দেওয়া হবে। এই বারাসত থেকে শিয়াদহগামী এই ট্রেনের ভাড়া ৬০ টাকা (Barasat Ac Local)।
উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রেলের উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে বারাসাতের নবনির্বাচিত বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়। তিনি বলেন, বারাসাতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়। তিনি বলেন, “যাত্রী সুরক্ষা ও যাত্রীদের সুবিধার কথা ভেবে রেল এই নতুন উদ্যোগ নিয়েছে। এতে সাধারণ মানুষের সুবিধা হবে।”
যদিও ভাড়া একটু বেশি, তবুও স্বস্তিতে যাতায়াত করতে পারবেন বলে জানান যাত্রীরা। এক যাত্রী বলেন, “আমরা ভাবতেই পারিনি আমাদের দীর্ঘদিনের এই দাবিটা পূর্ণ হবে। আমাদের নিত্যযাত্রীদের জন্য খুবই আনন্দদায়ক একটি বিষয়। ভাড়া বেশি হলেও আরামদায়ক যাত্রা হবে।”
আরও এক যাত্রী বলেন, “এটা খুবই খুশির খবর বারাসতবাসীর কাছে। আমরা চাইবো এই ট্রেনে যেন সকলেই সাওয়ার করে। ট্রেন যত বাড়ানো হবে, যাত্রীরা তত ভালোভাবে যেতে পারবেন। আরও ট্রেন বাড়ুক।”
বহুদিন ধরে বারাসাতের নিত্যযাত্রী সহ হাসনাবাদ শাখার একটা বড় অংশের যাত্রীরা আরামদায়ক যাত্রার জন্য এসি লোকালের দাবি করে আসছিলেন। রাজ্যে পালাবদল হতেই শেষমেষ শিয়ালদহ থেকে বারাসাত এসি লোকালের দাবিতে সিলমোহর দিয়েছে রেল। এতে উপকৃত হয়েছেন বারাসতবাসী।

