দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক কিশোরীর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এ বার বড় পদক্ষেপ করল প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় BNSS এর ১৬৩ ধারা জারি করা হয়েছে। প্রশাসনের দাবি, কোনও ধরনের বেআইনি জমায়েত, বিক্ষোভ বা অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজরদারি বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলিতে পুলিশি তৎপরতাও বাড়ানো হয়েছে। পাশাপাশি এই ঘটনায় তৈরি করা হয়েছে বিশেষ তদন্ত দল বা SIT। (Baruipur News Update)
এই SIT-এ রয়েছেন পঙ্কজ দত্ত (অতিরিক্ত পুলিশ সুপার), অভিষেক রঞ্জন (এসডিপিও বারুইপুর), কোর্ট অফিসার জয়ন্ত দাস, রনি সরকার, সৌমেন দাস ((বারুইপুর এসওজি), জয়ন্ত পোদ্দার (আইসি বারুইপুর), দিগন্ত মণ্ডল (আইও)। (Baruipur News Update)
পরিবারের অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই কিশোরীকে। যেই ঘটনার প্রতিবাদে এক অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা। বিক্ষোভে অবরুদ্ধ হয় সড়ক ও শিয়ালদহ-নামখানা রেললাইন, ঘণ্টাখানেক বন্ধ থাকে ট্রেন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাইকিং করে বিক্ষোভকারীদের শান্ত থাকার আবেদন জানায়। IG (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্করপ্রসাদ বাড়ুই আশ্বাস দিয়ে বলেন, ঘটনায় জড়িত সকলকেই গ্রেফতার করা হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে। তিনি জানান, মুখ্যমন্ত্রীও ফোন করে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, এই মামলায় কোনও অভিযুক্তকে রেয়াত করা হবে না। (Baruipur News Update)
বারুইপুরের ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং কোনও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কি না, সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশাও করছেন তদন্তকারীরা।
এদিকে, পরিস্থিতি যাতে কোনওভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য ঘটনাস্থল ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়, বাজার এবং জনবহুল এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি নিয়মিত পুলিশ টহল চালানো হচ্ছে, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা বা গুজবকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি না হয়। (Baruipur News Update)
প্রশাসনের তরফে সাধারণ মানুষের উদ্দেশে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোনও গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি তথ্যের উপর ভরসা করতে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ারও আবেদন জানানো হয়েছে। পুলিশের বক্তব্য, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোটা পরিস্থিতির উপর প্রশাসন ও পুলিশ লাগাতার নজর রাখছে বলেও জানানো হয়েছে। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে প্রয়োজনে আরও পদক্ষেপ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। (Baruipur News Update)
আরও পড়ুন :-বারুইপুরে ‘ধর্ষণ’ ও ‘খুনে’ গ্রেফতার ১, নাবালিকার পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর

