Site icon Hindustan News Point

BB Ganguly Street Fire: ফের কলকাতায় আগুন, ব্যস্ত সময়ে পুড়ল একাধিক দোকান

bb ganguly street fire

কলকাতার ব্যস্ত বিবি গাঙ্গুলি স্ট্রিটে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে (BB Ganguly Street Fire)। ভুটিয়া মার্কেটের ঘটনার রেশ কাটতে না কাটতেই শহরের আরও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় আগুন লাগার খবর উদ্বেগ বাড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি প্লাইউড ও কাঠের দোকান থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর ১০টি ইঞ্জিন। জোরালো উত্তুরে হাওয়া ও দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়াতে থাকে। ওই এলাকায় একাধিক আসবাবের দোকান রয়েছে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল আশপাশের বাড়িঘর ও বহুতলেও। বিশেষ করে এলাকায় ছড়িয়ে থাকা বিদ্যুতের তার নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়। দমকল সূত্রে জানানো হয়েছে, বিদ্যুতের তারে আগুন লাগলে বড় বিপদ ঘটতে পারত। সেই কারণে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়।

দমকল কর্মীরা দীর্ঘ সময় ধরে আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।

শহরের বুকে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতার অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। ব্যস্ত ও ঘিঞ্জি বাণিজ্যিক এলাকায় দাহ্য সামগ্রী মজুত ও নিরাপত্তা বিধি কতটা মানা হচ্ছে, তা নিয়েও চিন্তা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

Exit mobile version