Site icon Hindustan News Point

Bengal’s New Ministers : দিলীপ-অগ্নিমিত্রা-নিশীথের কাঁধে বড় দায়িত্ব, কে কোন দফতর পেলেন ?

Bengal's New Ministers

পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকারে কার হাতে কোন দফতর, তা নিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটল। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দফতরগুলি বণ্টন করা হল। এই তালিকায় সবথেকে বড় চমক হিসেবে উঠে এসেছেন দিলীপ ঘোষ। তাঁকে দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর (Bengal’s New Ministers)। তবে কে কোন দফতর পেলেন?

১. দিলীপ ঘোষ পেলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতরের দায়িত্ব। তৃণমূল আমলে প্রথমে এই দফতর দেখতেন সুব্রত মুখোপাধ্যায়। পরবর্তীতে তাঁর প্রয়াণের পর প্রদীপ মজুমদার মন্ত্রী ছিলেন। অন্যদিকে, প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী ছিলেন স্বপন দেবনাথ।

২. নিশীথ প্রামাণিক এবার থেকে উত্তরবঙ্গ উন্নয়ন ও যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের দায়িত্ব পেয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন গৌতম দেব। যুব কল্যাণের দায়িত্বে ছিলেন অরূপ বিশ্বাস।

৩. ক্ষুদিরাম টুডুকে দেওয়া হয়েছে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন বিষয়ক দফতর। তৃণমূল আমলে এই দফতর সামলেছেন বুলু চিক বারাইক।

৪. অগ্নিমিত্রা পাল পেলেন নারী কল্যাণ ও শিশু সমাজ কল্যাণ, পুর বিষয়ক দফতর। তৃণমূলের আমলে নারী কল্যাণ ও শিশু সমাজ কল্যাণ দফতর দেখতেন শশী পাঁজা। পুর-বিষয়ক দফতরের মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম।

৫. অশোক কীর্তনীয়া সামলাবেন খাদ্য-দফতর। তৃণমূল আমলে প্রথমে খাদ্য-দফতরের দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরে রথীন সেন এই দফতর সামলাতেন।

ব্রিগেডের মঞ্চে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই মঞ্চেই তাঁর সঙ্গে শপথ নিয়েছিলেন আরও পাঁচ মন্ত্রী। কিন্তু, সেদিন তাঁদের দফতর ঘোষণা হয়নি। এরপর আজ নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়। সেখানে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেকথা সাংবাদিক বৈঠক করে ঘোষণাও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি প্রত্যাশামতোই এবার শপথ নেওয়া পাঁচ মন্ত্রীর দফতর বণ্টন করা হল। দফতর বণ্টনের পরই প্রশাসনিক কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, নবনির্বাচিত মন্ত্রীদের কাজের প্রাথমিক অগ্রগতি খতিয়ে দেখতে আগামী এক মাস পরেই পুনরায় ক্যাবিনেট মিটিং ডাকা হয়েছে।


Exit mobile version