বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনে তৃণমূল। তাদের অভিযোগ, নগদ টাকা থেকে শুরু করে প্রকল্পের নামে বিশেষ কার্ড বিলি করে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি। পদ্মের একাধিক প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগে সরব ঘাসফুল। তৃণমূলের অভিযোগ, ভোটের ঠিক আগে কেন্দ্রীয় নেতাদের মদতে বিজেপি প্রার্থীরা ‘মাতৃশক্তি ভরসা’ ও ‘যুবশক্তি ভরসা’ নামে বিশেষ কার্ড বিলি করছেন। (West Bengal Election 2026 )
এগুলিকে নির্বাচনী ভাঁওতা করে কটাক্ষ করে তৃণমূলের দাবি, কোথাও কোথাও প্রকল্পের নামে ভোটারদের হাতে সরাসরি নগদ অর্থ তুলে দেওয়া হচ্ছে। এমন অন্তত আটটি ঘটনার কথা উল্লেখ করে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। (West Bengal Election 2026 )
অভিযোগের তালিকায় রয়েছে নোয়াপাড়া ও গোপীবল্লভপুর। সেখানে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নামে এক প্রকল্পের কথা উল্লেখ করে বিজেপি প্রার্থী অর্জুন সিং ও রাজেশ মাহাতোর বিরুদ্ধে ভোটারদের হাতে ৩ হাজার টাকা করে দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। আবার, ভাটপাড়ায় অর্জুন সিংয়ের ছেলে পবন সিং প্রচারে বেরিয়ে ধর্মগ্রন্থের সঙ্গে টাকা বিলি করেছেন বলেও অভিযোগ উঠেছে। (West Bengal Election 2026 )
পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে একটি ক্লাবে ২৫ হাজার টাকা অনুদান দেওয়ার অভিযোগ সামনে আনে তৃণমূল। সোনারপুর দক্ষিণ, ইংরেজবাজার ও বাগদা বিধানসভা এলাকাতেও একইভাবে কার্ড বিলি করা হচ্ছে বলে অভিযোগ।
স্বাভাবিকভাবেই তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপি নেতা তথা পাণ্ডবেশ্বরের প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির পাল্টা, “বিজেপিকে টাকা দিয়ে ভোট কিনতে হয় না। এই সংস্কৃতি তৃণমূলের।” তাঁর দাবি, তৃণমূল দীর্ঘদিন ধরে মানুষকে নির্ভরশীল করে রেখেছে। সেই পরিস্থিতি বদলাতেই বিজেপি লড়াই করছে। (West Bengal Election 2026 )

