ওদের কারও বয়স ১০, কারও বা আরও কম। ভোটার হতে এখনও ঢের দেরি। কিন্তু সেই ছোট ছোট শিশুদের হাতে এবার বিজেপির পতাকা (BJP West Bengal)। মুখে বিজেপির নির্বাচনী স্লোগান। এভাবেই চলছে নির্বাচনী প্রচার। অভিযোগ, সামান্য কিছু খাবার ও টাকার বিনিময়ে বিজেপির এ হেন প্রচার। এমনই ছবি রবিবার দেখা গেলো মালদহের মানিকচক বিধানসভার মিল্কি এলাকায়। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল রাজনৈতিক মহলে।
নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল জোর কদমে প্রচার চালাচ্ছে। প্রচারে পিছিয়ে নেই মানিকচকের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মণ্ডলও। দেওয়াল লিখন থেকে বাড়িবাড়ি প্রচার এমনকি বুথ ভিত্তিক সভায় ব্যস্ত রয়েছেন তিনি। রবিবার মানিকচকের মিল্কিতে দেখা গেলো এক অভিনব প্রচার। বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মণ্ডলের সমর্থনে শম্ভুনাথ সিং নামে বছর এক বিজেপি কর্মী প্রচার চালাচ্ছেন। কিন্তু সেই প্রচারে দেখা গেল প্রায় ৪০ জন শিশু মিছিল করছে।
বাঁশি হাতে ফুটবলের ময়দানে দাপিয়ে বেড়ান, ভোটের ময়দানে কীভাবে সামলাবেন মিনাখাঁর প্রতীক মণ্ডল?
তার নেতৃত্বে রয়েছেন শম্ভুনাথ সিং। প্রত্যেক শিশুর হাতে বিজেপির পতাকা এবং মুখে বিজেপি জিন্দাবাদ, পাল্টানো দরকার-সহ বিজেপির বিভিন্ন স্লোগান। শিশুদের নিয়ে মিল্কি হাসপাতাল থেকে শুরু করে জামে মসজিদ পর্যন্ত মিছিল করে প্রচার চালানো হয়। ওই মিছিলে শম্ভুনাথ ও কচিকাচারা ছাড়া আর কোনও বিজেপি নেতৃত্ব নেই। যা দেখে হতবাক মিল্কি স্ট্যান্ডে থাকা স্থানীয় বাসিন্দারা। ওই মিছিলে অংশগ্রহণকরি শিউলি, আয়ান, মৌসুমীরা বলে, তারা শম্ভুদাদুর কথা মতো কাজ করছে। মিছিলে হাঁটলে ও জয় শ্রীরাম বললে খাবার ও ১০০ টাকা নাকি তাদের দেওয়া হবে। শম্ভুনাথের অদ্ভূত দাবি, ভবিষতে যাতে শিশুরা কিছু পায় সেই জন্যই তাদের নিয়ে মিছিল করছেন।

