Site icon Hindustan News Point

Bolpur: ভোটের আগেই বোলপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অভিযুক্ত বিধায়ক

bolpur clash

নির্বাচনের প্রাক্কালে বীরভূমের বোলপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। শান্তিনিকেতনের কিষাণ মান্ডি এলাকায় শাসক দলের দুই শিবিরের সংঘর্ষ ঘিরে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আকস্মিক এই ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। Bolpur

অভিযোগ উঠেছে, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাবু দাসের মাছের আড়তে হামলা চালায় জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের অনুগামীরা। হামলার সময় আড়তে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। পাশাপাশি ঘটনাস্থলে রাখা একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে খবর।

সংঘর্ষের জেরে গোটা কিষাণ মান্ডি চত্বর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে বহু ব্যবসায়ী তড়িঘড়ি দোকান বন্ধ করে এলাকা ছাড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ এবং বোলপুর দমকল বাহিনী। দমকলের উদ্যোগে আগুন নেভানো হয় এবং পুলিশ পরিস্থিতি সামাল দেয়। Bolpur

এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সংঘর্ষের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে এবং কারা কারা এতে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।

যদিও ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, দুই পক্ষের কেউই এখনও প্রকাশ্যে প্রতিক্রিয়া দেয়নি। ভোটের মুখে শাসক দলের অভ্যন্তরীণ এই সংঘর্ষ বোলপুরের রাজনৈতিক আবহকে আরও তপ্ত করে তুলেছে।


Exit mobile version