তোলাবাজি থেকে শুরু করে মারধর। সরকারি ত্রাণসামগ্রী চুরি থেকে শুরু করে মাছ চুরি। নানা অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূল কর্মীরা। এবার বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তুলে গ্রেফতার হলেন রাজু বিশ্বাস নামে এক ব্যক্তি। এই ব্যক্তি কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। পুলিশ সূত্রে খবর, নিউটাউন (Newtown police station) এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতের বিরুদ্ধে অভিযোগ, ১৯ মে নরেন্দ্রপুর থানা এলাকায় বিজেপি কর্মী পাপ্পু সানাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। বিজেপি কর্মী পাপ্পু সানাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠেছিল রাজু বিশ্বাসের বিরুদ্ধে। এর আগে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে রাজু বিশ্বাসের নাম উঠে আসে। ধৃতের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, ৫০ হাজার টাকা নগদ, পাঁচটি মোবাইল ফোন এবং একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশের দাবি, ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছিল রাজু। তদন্তে জানা যায়, তিনি পুরীতে পালিয়ে গিয়েছিলেন। তাঁকে ধরতে পুলিশ পুরীতেও তল্লাশি চালায়, তবে সেখানে তাঁর খোঁজ মেলেনি। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর নিউটাউন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পাপ্পু সানাকে মারধর করার পরে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ। তারপরেই নিউটাউন থেকে রাজুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে পুলিশ।
ধৃতকে আদালতে পেশ করে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীরা খতিয়ে দেখছেন উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রীর সঙ্গে এই মামলার কোনও যোগ রয়েছে কি না।

