Site icon Hindustan News Point

Cm Suvendu Adhikari: চাকরিতে বাড়ল আবেদনের বয়সসীমা, প্রথম বৈঠকেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Cm Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন শুভেন্দু অধিকারী(Cm Suvendu Adhikari)। নবান্নে ১৩ তলার কনফারেন্স রুমে মন্ত্রিসভার প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন নব নির্বাচিত রাজ্যের পাঁচ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। এছাড়া ছিলেন বিভিন্ন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যবিনেট বৈঠকে কী কী আলোচনা হয়েছে, সবটাই সংবাদমাধ্যমকে জানালেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘দীর্ঘদিন বাদে ভয়মুক্ত, মৃত্যুহীন নির্বাচন হয়েছে রাজ্যে। সুষ্ঠ ভোট পরিচালনার জন্য পুলিশ প্রশাসন ও কমিশনকে ধন্যবাদ জানায় নতুন ক্যাবিনেট। রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক বিষয়ে আলোচনা করা হয়েছে এই বৈঠকে। প্রথম ক্যাবিনেটে ছয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

১. তৎকালীন তৃণমূল সরকারের সময়ে দীর্ঘদিন ধরে জমি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই পথ আরও সুগম করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘সীমানা সুরক্ষিত করতে BSF-কে প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ শুরু হবে আজ থেকেই। ৪৫ দিনের মধ্যে BSF-কে প্রয়োজনীয় জমি দেওয়ার কাজ শেষ করা হবে।’

২. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘এদিন থেকেই বাংলার মানুষকে আয়ুষ্মান ভারতে যুক্ত করার কাজ শুরু হচ্ছে।’

৩.‘আজ থেকে পশ্চিমবঙ্গে সংবিধান মেনে কার্যকর করা হলো BNS বা ভারতীয় ন্যায় সংহিতা। আগের সরকার তা করেনি। রাজ্যের আইপিএস, আইএএসরা কেন্দ্রের কোনও ট্রেনিংয়ে অংশ নিতে পারতেন না। এবার থেকে তাঁরা পারবেন। ষষ্ঠ সিদ্ধান্ত হল, আজ থেকে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাজ্যে যেকোনও অসামাজিক কাজের বিচার হবে। এছাড়া সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হলো।” ২০১৫ সাল থেকে রাজ্য সরকারে কোনও নিয়োগ না হওয়ায় আবেদনের ঊর্ধ্বসীমা বাড়ানো হলো।

৪. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘২০১৫ সাল থেকে রাজ্যে কোনও নিয়োগ হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী প্রচারে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। সেই অনুযায়ী রাজ্যে আগামী নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

৫. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প রাজ্যে চালু হবে। তবে চালু থাকা কোনও প্রকল্প বন্ধ হবে না।’ কেন্দ্রীয় সরকারের জনগণনার কাজও সোমবার থেকেই চালু করার সিদ্ধান্ত শুভেন্দু সরকারের।

৬. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পরের ক্যাবিনেট বৈঠক হবে পরবর্তী সপ্তাহের সোমবার। সেই বৈঠকে পরবর্তী বেতন কমিশন ও DA নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “এই সরকার আমিত্বে চলে না, নীতিতে চলে।” তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “ভয় আউট, ভরসা ইন” বার্তার উল্লেখ করে বলেন, নতুন সরকার মানুষের আস্থা, নিরাপত্তা এবং উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

এছাড়াও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা শাসকদের দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


Exit mobile version