Site icon Hindustan News Point

গড়িয়ায় ‘স্মার্ট বাজার’, স্টেশনের হকার উচ্ছেদ নিয়ে কী বললেন বিধায়ক দেবাশিস ধর?

Debashis Dhar 1

যাদবপুরে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যখন তর্ক-বিতর্ক চলছে, সেই সময় ছবিটা কিছুটা হলেও অন্য ছবি গড়িয়া স্টেশনে। সেখানে হকার উচ্ছেদের কথা হলেও হয়নি, এর নেপথ্যে সোনারপুর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবাশিস ধর। এই বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত প্রতিক্রিয়া দিলেন। তাঁর বক্তব্য, রেল স্টেশন, বাসস্ট্যান্ড এবং অন্য গুরুত্বপূর্ণ জনপরিকাঠামো দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। তাই জনস্বার্থে এই ধরনের দখলমুক্ত করা জরুরি। (Debashis Dhar)

দেবাশিস ধর জানান, যাদবপুর স্টেশন চত্বরে বহু বছর ধরে হকাররা ব্যবসা করে আসছেন। তাঁদের অধিকাংশই গরিব মানুষ এবং জীবিকার তাগিদেই এই কাজ করছেন। তাঁদের প্রতি তাঁর সহানুভূতি রয়েছে। তবে তাঁর মতে, একটি রেল স্টেশন মূলত যাত্রী পরিষেবা ও যাতায়াতের জন্য তৈরি। সেখানে যদি বড় অংশ জুড়ে অবৈধ দখল হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের চলাচল এবং স্টেশনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। (Debashis Dhar)

বিধায়কের দাবি, এই সমস্যার জন্য শুধুমাত্র হকারদের দায়ী করা যায় না। অতীতে সঠিক পরিকল্পনার অভাব এবং রাজনৈতিক মদতেই অনেক জায়গায় এই ধরনের অবৈধ দখল বেড়েছে। শুরু থেকেই যদি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে হকারদের বৈধভাবে ব্যবসার সুযোগ দেওয়া হত, তাহলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না।

গড়িয়া স্টেশনে উচ্ছেদ হলে জীবিকা হারানো মানুষদের পুনর্বাসনের বিষয়েও আশ্বাস দিয়েছেন দেবাশিস ধর। তিনি জানান, রেল কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিকল্প জমি পাওয়া গেলে সেখানে আধুনিক সুযোগ-সুবিধা সহ একটি ‘স্মার্ট বাজার’ তৈরি করে হকারদের পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে কয়েকটি কর্পোরেট সংস্থার সঙ্গেও আলোচনা হয়েছে বলে দাবি করেন তিনি। (Debashis Dhar)

একই সঙ্গে রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির উপর জোর দেন বিজেপি বিধায়ক। তাঁর মতে, দীর্ঘদিন ধরে শিল্পের অভাবে বহু মানুষ বাধ্য হয়ে হকারি, রিকশা, অটো বা টোটো চালানোর মতো পেশার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ভবিষ্যতে শিল্প ও বিনিয়োগ বাড়লে আরও স্থায়ী ও সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি জানান। আগামী এক থেকে দুই বছরের মধ্যে নতুন শিল্প ও বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ সৃষ্টি হবে বলেও আশাবাদী তিনি।

এছাড়াও সোনারপুর এবং আশপাশের এলাকায় রিকশা ও টোটোর সংখ্যা নিয়ন্ত্রণে আনার বিষয়েও ভবিষ্যতে পরিকল্পনা নেওয়ার ইঙ্গিত দেন দেবাশিস ধর। তাঁর মতে, পরিবহণ ব্যবস্থাকে আরও সংগঠিত ও নিয়ন্ত্রিত করতে হলে এই বিষয়েও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। (Debashis Dhar)

বিধায়কের বক্তব্য, যাদবপুর-সহ বিভিন্ন স্টেশনকে আধুনিক মডেল স্টেশনে পরিণত করা, এলাকার সৌন্দর্যায়ন এবং যাত্রী পরিষেবার উন্নয়ন এখন সময়ের দাবি। তবে সেই উন্নয়নের সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও বিকল্প জীবিকার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে বলেই মত তাঁর। (Debashis Dhar)

আরও পড়ুন :- শুধু শওকত নয়, নজরুল আলি মণ্ডলকে গ্রেফতারের দাবি বিধায়ক দেবাশিস ধরের


Exit mobile version