Site icon Hindustan News Point

আগামীকাল দিঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা দেখতে যাবেন? আগে দেখে নিন সারাদিনের অনুষ্ঠানসূচি

Digha Ratha Yatra

জগন্নাথদেবের পবিত্র রথযাত্রায় সামিল হতে প্রতি বছরই অসংখ্য ভক্ত ও পর্যটক পুরীর উদ্দেশে রওনা দেন। তবে দূরত্বের কারণে অনেকের পক্ষেই সেখানে যাওয়া সম্ভব হয় না। তাই এবার বহু মানুষের নজর রয়েছে দিঘার নবনির্মিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের রথযাত্রার দিকে। অনেকেই আগামীকাল দিঘায় গিয়ে এই মহোৎসবের সাক্ষী হতে চলেছেন। সেই কারণে রথযাত্রার দিন ঠিক কী কী অনুষ্ঠান হবে এবং কোন সময়ে হবে, তার বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে মন্দির কর্তৃপক্ষ। দেখে নিন এক নজরে।

রথযাত্রার সময়সূচি

সকাল ১০ টা ৩০ মিনিটে শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে তিনটি রথে পাহাণ্ডি-বিজয়

মন্দিরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে ঐতিহ্যবাহী পাহাণ্ডি-বিজয় অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রার সূচনা হবে। বৈদিক মন্ত্রোচ্চারণ ও হরিনাম-সংকীর্তনের মধ্যে দিয়ে শ্রীজগন্নাথ, শ্রীবলদেব ও দেবী সুভদ্রাকে মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথে আনা হবে। (Digha Ratha Yatra)

দুপুর ১টা থেকে ২ টো ৩০ তিনটি রথের সজ্জা ও ভোগ নিবেদন

এরপর দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত তিনটি রথ ফুল, বস্ত্র ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত করা হবে। একই সঙ্গে রথে অধিষ্ঠিত দেবদেবীর উদ্দেশে ভোগ নিবেদন করা হবে।

বিকেল ৩ টে থেকে ৩ টে ৩০ রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান

বিকেল ৩ টেয় অনুষ্ঠানের প্রধান অতিথি শিশির অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে। বিকেল ৩টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান হবে। তারপর বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে বহু প্রতীক্ষিত শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

বিকেল ৪:৩০ টে গুণ্ডিচা মন্দিরে রথের আগমন এবং ৫:৩০ টা পাহাণ্ডি-বিজয়

বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ রথ গুণ্ডিচা মন্দিরে পৌঁছাবে। সেখানে বিকেল ৫টা ৩০ মিনিটে আবারও ঐতিহ্যবাহী পাহাণ্ডি-বিজয় অনুষ্ঠিত হবে।

এই বিষয়ে মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমণ দাস জানিয়েছেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা, সমতা ও সর্বজনীনতার প্রতীক। ভগবান জগন্নাথ নিজেই ভক্তদের কাছে পৌঁছে যান- এই ভাবনাই রথযাত্রার মূল বার্তা। তাই জাতি, ধর্ম বা ভাষা নির্বিশেষে সকলকে এই উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, দিঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দির পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র হিসেবে গড়ে উঠছে। তাই ভক্তদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও ভক্তিময় পরিবেশে রথযাত্রার আয়োজন করাই মন্দির কর্তৃপক্ষের লক্ষ্য। (Digha Ratha Yatra)

‘কোনও পুজো কমিটির সভাপতি হচ্ছি না’, জল্পনায় ইতি টানলেন শমীক ভট্টাচার্য

একই সঙ্গে মহাসমারোহে এই রথযাত্রা উদযাপনে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে রাধারমণ দাস বলেন, “পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রধান রথযাত্রা, যার মধ্যে দিঘার শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারও অন্তর্ভুক্ত, প্রত্যেককে ৫ লক্ষ করে আর্থিক সহায়তা প্রদানের জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মহৎ উদ্যোগ পশ্চিমবঙ্গের সমৃদ্ধ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং বিকাশে রাজ্য সরকারের আন্তরিক অঙ্গীকারের উজ্জ্বল নিদর্শন।”

সব মিলিয়ে, জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রাকে ঘিরে আগামীকাল দিঘায় লক্ষাধিক ভক্ত, তীর্থযাত্রী ও পর্যটকের সমাগম হতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই যাঁরা রথযাত্রা দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের সময়সূচি মাথায় রেখেই যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।


Exit mobile version