ফের কলকাতা পুলিশে রদবদল। এবার নির্বাচন কমিশনের (Election Commission) তালিকা অনুযায়ী, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সিআইডি-র ডিআইজি সোমা দাস মিত্রকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) পদে আনা হয়েছে। এ ছাড়াও সুদীপ সরকারকে যুগ্ম কমিশনার (সদর) এবং দেবস্মিতা দাসকে যুগ্ম কমিশনার (ইন্টেলিজেন্স) পদে নিয়োগ করা হয়েছে।
রাজ্যে ভোট ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল চলছিলই। স্বচ্ছ ও অবাধ নির্বাচন সুনিশ্চিত করতে শনিবার ফের একডজন আইপিএস এবং রাজ্য পুলিশ স্তরের অফিসারের বদলির নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।
পাশাপাশি, ডিসি স্তরেও একাধিক বদল করা হয়েছে। বদলি হলেন, ভি.এস.আর অনন্তনাগ (ডিসি সাউথ), প্রদীপ কুমার যাদব (ডিসি নর্থ), সৈকত ঘোষ (ডিসি সাউথ ইস্ট), প্রশান্ত চৌধুরী (ডিসি ইস্ট), মনীশ জোশী (ডিসি ভাঙড়) জেলা ও কমিশনারেটেও রদবদল করে নির্বাচন কমিশন।
কলকাতার জেলাতেও প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। চন্দননগর পুলিশ কমিশনারেটের নতুন ডিসি হিসেবে দায়িত্ব নিলেন ইন্দ্রজিৎ সরকার। আসানসোল-দুর্গাপুর থেকে রানা মুখোপাধ্যায়কে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট পদে বদলি করা হয়। এ ছাড়াও সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে নিযুক্ত হয়েছেন চন্দন ঘোষ। বেলডাঙার নতুন এসডিপিও হলেন আনন্দজিৎ হোড়।
নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের পর থেকেই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কলকাতা পুলিশের (Election Commission) রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। সম্প্রতি বদল করা হয় একগুচ্ছ ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের। রাজ্যে মোট ৮১ জন ইন্সপেক্টরকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়। মোট ৪৯ জন সাব-ইন্সপেক্টরকেও বদলির সিদ্ধান্ত কমিশনের।

