Site icon Hindustan News Point

Elephant rampage: ফের হাতির তাণ্ডব, ফসল হারিয়ে দিশেহারা চন্দ্রকোনার কৃষকেরা

Elephant rampage

ফের হাতির তাণ্ডবে চরম বিপর্যয়ের মুখে কৃষকেরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় গত দু’দিন ধরে লাগাতার হামলায় বিঘের পর বিঘে আলু জমি নষ্ট হয়ে গিয়েছে। চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের নীলগঞ্জ-সহ একাধিক এলাকায় বুধবার গভীর রাতে ৮–১০টি হাতির একটি দল হানা দেয়। আলু খেয়ে ও মাড়িয়ে জমির বড় অংশ ধ্বংস করে দেয় তারা। (Elephant rampage)

স্থানীয় কৃষকদের দাবি, বছরের এই সময় এলেই জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে হাতির উপদ্রব বাড়ে। বিশেষ করে আলু চাষের মরসুমে সমস্যাটা প্রকট হয়। এখনও আলু তোলার সময় বাকি থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বহু জমিতে ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। সারা বছরের আয়ের ভরসা ছিল এই আলু চাষ। হঠাৎ এই ক্ষতিতে দিশেহারা চাষিরা। (Elephant rampage)

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, আগেও একাধিকবার হাতির তাণ্ডবে ফসল নষ্ট হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনও ক্ষতিপূরণ মেলেনি। প্রশাসন ও বনদফতরের কাছে বারবার জানানো হলেও স্থায়ী কোনও ব্যবস্থা হয়নি বলে ক্ষোভ। আতঙ্কে রাত কাটছে গ্রামবাসীদের। অনেকেই বাধ্য হয়ে রাতে জমি পাহারা দিচ্ছেন। (Elephant rampage)

এই প্রসঙ্গে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ দাবি করেন, হাতির তাণ্ডবে কৃষকদের ক্ষতির বিষয়টি স্বীকার করা হচ্ছে। বনদফতরের সঙ্গে কথা বলা হয়েছে। ক্ষতিপূরণ নিয়ে আলোচনা চলছে। বনদফতর সূত্রে খবর, হাতির দলটিকে গভীর জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। (Elephant rampage)


Exit mobile version