কর্তৃপক্ষ মিল বন্ধ করে দিয়েছেন। কাজ হারিয়েছেন ওদের পরিবারের রোজগেরে মানুষেরা। রুজিরুটির চিন্তায় পরিবারের বড়রা। পাশাপাশি চিন্তিত ওরাও। তাই মিল খোলার দাবিতে কর্তৃপক্ষের কাছে থালা বাজিয়ে কাতর আবেদন। ওরা মানে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের জেজেআই জুট মিলের শ্রমিক পরিবারের কচিকাঁচারা।
গত একুশে ডিসেম্বর রাতে হঠাৎ করে জুটমিল বন্ধের নোটিশ টাঙান কর্তৃপক্ষ। পরের দিন সকালে শ্রমিকেরা কাজে এসে ওই নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন। অবিলম্বে মিল খোলার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান তারা। কিন্তু শ্রমিকদের ওই আবেদন কর্নপাত করেনি মিল কর্তৃপক্ষ। কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়েন শ্রমিকরা। মিল খোলার দাবিতে শুরু হয় শ্রমিকদের আন্দোলন। সুরাহা না মেলায় এবার বড়দের আন্দোলনে সামিল হয় পরিবারের কচিকাঁচারাও।
পড়াশোনা বন্ধ রেখেই পরিবারের সদস্যদের সঙ্গে আন্দোলনে। মিলের গেটের সামনে থালা বাজিয়ে মিল খোলার আবেদন জানায়। এই বিক্ষোভে নেতৃত্ব দেয় বামেদের শ্রমিক সংগঠন বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন।
আর এই ঘটনায় তৃণমূল এবং সিপিএমকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর দাবি, সিপিএম এবং তৃণমূল জুট শিল্পকে একদম শেষ করে দিয়েছে। সেই সঙ্গে থালা বাজিয়ে বিক্ষোভ প্রদর্শনের ঘটনা প্রসঙ্গে অর্জুন বলেন, পাট শিল্পকে বাঁচাতে বামেরা হুঁশ ফেরাতে অনেক দেরি করে ফেলেছে। বাম জমানাতেই হুঁশ ফিরলে , আজ শিল্পের এই অবস্থা হতো না।
তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে শ্রমিকদের PF, গ্রাচুইটি, ESI কিছুই মেলে না বলে অভিযোগ বিজেপি নেতার। মিলগুলোতে ঠিকা শ্রমিক দিয়ে কাজ করাতে হচ্ছে। জুট শিল্পকে বাঁচাতে সমস্ত শ্রমিক ইউনিয়নকে এক জোট হয়ে লড়াই করতে হবে বলে দাবি করেন তিনি।











