Site icon Hindustan News Point

হলদিয়ায় ন্যাপথা পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১০-র বেশি, ব্যাহত ট্রেন চলাচল

Haldia Fire

কাক ভোরে আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার ভোরে হলদিয়া রিফাইনারি সংলগ্ন এলাকায় ন্যাপথা বহনকারী একটি পাইপলাইনে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন বিশাল আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা অঞ্চল। ঘটনায় ১০ জনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে । তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

স্থানীয় সূত্রে খবর , মঙ্গলবার ভোর প্রায় ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে হলদিয়া রিফাইনারির পাশ দিয়ে যাওয়া ন্যাপথা পরিবহণকারী পাইপলাইনে আচমকা আগুন লাগে। প্রথমে পাইপলাইন থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। তারপর অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। ঘটনাস্থলের আশপাশে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। ওই ভয়াবহ আগুনে ঝলসে যান তাঁদের মধ্যে বেশ কয়েকজন। (Haldia Fire)

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কারখানার নিরাপত্তাকর্মী, স্থানীয় বাসিন্দা এবং দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকজন শ্রমিকের শরীরের বড় অংশ পুড়ে গিয়েছে এবং তাঁদের অবস্থা এখনও উদ্বেগজনক।

অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয় রেল পরিষেবাও। ঘটনাস্থলটি হলদিয়া-মেচেদা রেললাইনের একেবারে কাছেই হওয়ায় নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার সকালে হলদিয়া থেকে হাওড়াগামী লোকাল ট্রেন নির্ধারিত সময়ে চালানো যায়নি। এর ফলে হলদিয়া, তমলুক, পাঁশকুড়া এবং হাওড়াগামী নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হয়েছে। (Haldia Fire)

বর্ষার আগেই পুনর্বাসনের নির্দেশ, বারুইপুরের হরিজনবস্তি ঘুরে দেখলেন জাতীয় এসসি কমিশনের সদস্য

ঘটনার পর হলদিয়া পেট্রোকেম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাইপলাইনে কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কিনা, গ্যাস বা ন্যাপথার লিকেজ, নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও নির্দিষ্ট মন্তব্য করতে রাজি নয় কর্তৃপক্ষ।

কারখানা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আহত শ্রমিকদের চিকিৎসার সমস্ত দায়িত্ব তারা নিচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে খতিয়ে দেখা হবে। সাত সকালে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা হলদিয়া সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি রাজ্যের শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। (Haldia Fire)


Exit mobile version