Site icon Hindustan News Point

এবার পার্ক সার্কাসে চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকান

Hawkers Eviction

রাজ্যের একাধিক রেল স্টেশন চত্বর দখলমুক্ত করতে বুলডোজার নীতি শুরু করেছে রাজ্য সরকার। কখনও হাওড়া আবার কখনও শিয়ালদা একের পর এক রেল স্টেশনগুলি থেকে অবৈধ গুমটি, দোকানপাঠ তুলে দিতে জোর কদমে উচ্ছেদ অভিযান শুরু করেছিল সরকার। এবার সেই বুলডোজার চলল শিয়ালদার দক্ষিণ শাখায় পার্ক সার্কাস স্টেশনেও। শনিবার গভীর রাতেই সেখানে উচ্ছেদ অভিযান চালায় পূর্ব রেল। রেলের জমি দখলমুক্ত করা এবং যাত্রীদের চলাচল আরও সহজ করতে স্টেশন সংলগ্ন একাধিক অবৈধ দোকান, গুমটি ও স্টল বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযান চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ, আরপিএফ এবং র‍্যাফ।

রেল সূত্রে জানানো হয়েছে, চলতি মাসের শুরুতেই স্টেশন চত্বরে ব্যবসা করা হকার ও দোকানদারদের নোটিস দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে রেলের জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলেই অভিযোগ। এরপরই উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। (Hawkers Eviction)

শনিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ পার্ক সার্কাস স্টেশন এবং সংলগ্ন এলাকা ঘিরে ফেলে পুলিশ ও আরপিএফ। চারদিকে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়। মাইকিং করে ব্যবসায়ীদের দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য শেষবারের মতো সতর্কও করা হয়। কিন্তু অভিযোগ, কেউ স্বেচ্ছায় দোকান সরিয়ে না নেওয়ায় শেষ পর্যন্ত বুলডোজার নামিয়ে একের পর এক অবৈধ দোকান, স্টল ও গুমটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই অভিযান।

শিয়ালদহ ডিভিশনের এই স্টেশনের ভিতরে ও স্টেশন সংলগ্ন এলাকায় বহুদিন ধরেই রেলের জমিতে অসংখ্য অবৈধ দোকান গজিয়ে উঠেছিল। এর ফলে যাত্রীদের চলাচলে নিত্য সমস্যা তৈরি হচ্ছিল এবং স্টেশন চত্বর ক্রমশ আরও ঘিঞ্জি হয়ে উঠছিল। তাই এবার রেলের সেই জমি সাফ করতেই চালানো হলো বুলডোজার। (Hawkers Eviction)

রেজিনগরের সভা থেকে হুমায়ূনের হুঁশিয়ারি, ফের উস্কানিমূলক মন্তব্যে বিতর্ক

উচ্ছেদের পর যাত্রীদের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, স্টেশন চত্বর এখন অনেক বেশি খোলামেলা হবে এবং ব্যস্ত সময়ে যাতায়াতে সুবিধা হবে। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত দোকানদারদের অভিযোগ, পুনর্বাসনের কোনও ব্যবস্থা না করেই তাঁদের রুটিরুজির একমাত্র অবলম্বন ভেঙে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, বিকল্প ব্যবস্থা ছাড়া এ ধরনের উচ্ছেদ অমানবিক। (Hawkers Eviction)


Exit mobile version