Site icon Hindustan News Point

অন্তর্বাস পরিয়ে হাওড়ার ‘ডন’কে রাস্তায় হাঁটাল পুলিশ, বাংলায় এ বার উত্তরপ্রদেশ মডেল

Howrah

হাতকড়া পরা অবস্থায় রাস্তা দিয়ে হাফ প্যান্ট পরা এক কয়েদি হেঁটে যাচ্ছে। না এটা কোনও উত্তরপ্রদেশের ছবি নয়। এটা বাংলারই ছবি। রাজ্যে পালা বদলের পরই এক্কেবারে দাবাং চরিত্রে ফিরে এল পুলিশ। উত্তরপ্রদেশের সেই স্টাইলে অপরাধীদের ‘হাড়’ কাঁপানোর চেনা ছবি এবার দেখা গেল হাওড়ার (Howrah) রাজপথে। যে ডনের নামে একসময় বাঘ-গরু এক ঘাটে জল খেত, সেই কুখ্যাত দুষ্কৃতী আকাশ সিংকে (Akash Singh) স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে, রাস্তায় হাঁটাল হাওড়া সিটি পুলিশ। সাত সকালে এমন ছবি দেখে হতবাক আমজনতা।

পুলিশ সূত্রে খবর, এক সময়ে হাওড়ার ‘ত্রাস’ ছিল এই আকাশ সিং। চলতি মাসের শুরুর দিকেই তার শাগরেদ সূরজকে গ্রেফতার করেন গোয়েন্দারা। আকাশের বিরুদ্ধে অপরাধের খতিয়ান ছিল দীর্ঘ। ২০২১ সালে উত্তর হাওড়ার লিলুয়ায় পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো এবং ২০টিরও বেশি বোমা ছোড়ার ঘটনায় নাম জড়িয়েছিল তার। সেইবার অল্পের জন্য প্রাণে বেঁচে যান এক পুলিশ আধিকারিক। এছাড়াও এলাকা জুড়ে তোলাবাজি সিন্ডিকেট চালানো এবং একাধিক দুষ্কৃতী হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকার প্রাক্তন এক শাসকদলের নেতার ছত্রছায়ায় থাকার কারণে দীর্ঘদিন সে অধরা ছিল বলে দাবি বিরোধীদের।

হাওড়ার পুলিশ অবশ্য একে রুটিন তদন্তের অংশ এবং ‘নিরাপত্তা জনিত কারণে’ হওয়া পরিস্থিতি বলে দাবি করছে। তবে ওয়াকিবহাল মহলের মতে, বাংলায় বিজেপি সরকার আসার পর সমস্ত অপরাধী ও সমাজবিরোধীদের কাছে এটি একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা। অপরাধ করে যে আর পার পাওয়া যাবে না, তা বোঝাতেই এই কায়দা।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়েছে। অনেকের মতে, অপরাধীদের মনে ভয় ধরাতে এমন দাওয়াইয়েরই প্রয়োজন ছিল। বিতর্ক যাই হোক, হাওড়ার রাজপথে রবিবারের এই দৃশ্য যে অপরাধ জগতের পিলে চমকে দেওয়ার জন্য যথেষ্ট, তা নিয়ে কোনও সন্দেহ নেই।


Exit mobile version