Site icon Hindustan News Point

Jahangir Khan vs Ajay Pal Sharma: ‘চমকাক, তারপর আমরা দেখছি’, সিঙ্ঘম অজয়কে চ্যালেঞ্জ জাহাঙ্গির খানের

Jahangir Khan vs Ajay Pal Sharma

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত দক্ষিণ ২৪ পরগনা জেলায় সিঙ্ঘম (Jahangir Khan vs Ajay Pal Sharma)। ‘সিঙ্ঘম’ আসলে অজয় পাল শর্মা। অভিষেকের গড়ে দাঁড়িয়ে তিনি বলে দিয়েছেন, ‘দুষ্কৃতীদের বিষ দাঁত ভাঙবেন’! বলার নয়, করেও দেখাতে পারেন, কারণ দুঁদে পুলিশ কর্তার পাশাপাশি অজয় পাল শর্মা পেশায় একজন ডেন্টাল সার্জনও! উত্তরপ্রদেশের মাটিতেও কান পাতলে শোনা যায়, অজয় দেবগনের থেকেই ‘টাফ’ এই পুলিশ কর্তা।

তবে কম যান না ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানও। তৃণমূল প্রার্থী বলেন, “আমি পুষ্পা রাজ। ঝুঁকেগা নেহি। হার মেনে নেব না। কিন্তু দিল্লির পুলিশের চমকানোতে আমরা ভয় পাই না। ওনার চমকানো কতটা বাড়তে থাকে দেখা যাক। তারপর আমরা দেখছি। আমাদের এলাকার মা-বোনেরা উত্তেজিত হচ্ছে। ওরা যখন এক হয়ে ঝাঁটাপেটা করবে তখন বুঝতে পারবে।”

জাহাঙ্গিরের দাবি, দেশের পয়সা খরচ করে দিল্লি থেকে অফিসারদের নিয়ে এসে ডায়লগ দিচ্ছে আর চমকাচ্ছে। এতে কোনও কাজ হবে না। ফলতার গণদেবতা ২৯ তারিখে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপির জমানত জব্দ করবে।

পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে দালাল বলেও উল্লেখ করেন জাহাঙ্গির। তাঁর কথায়, ‘বিজেপির দালাল CRPF-কে বলব, এখানে এসে জনসমুদ্র দেখে যাও। এখানে প্রত্যেকেই আমার মা দুর্গার মতো। দুর্গারূপে যেমন অসুর বধ হয়, তেমনই বিজেপির দালালদের কীভাবে ‘টাইট’ করতে হয়, তা এরা ভালো করেই জানে। তাই তাদের হুমকিতে আমরা ভয় পাই না।’

সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেন অজয় পাল শর্মা (Jahangir Khan vs Ajay Pal Sharma)। সেখানে উপস্থিত লোকজনকে তাঁর কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকেও ধমক দিতে শোনা গেছে। আর তারপর থেকেই ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বেড়েছে।

সব মিলিয়ে, ভোটের মুখে এক প্রশাসনিক আধিকারিককে ঘিরে এই ধারাবাহিক বিতর্ক রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে। এখন নজর, নির্বাচন কমিশন এই অভিযোগ ও পরিস্থিতি নিয়ে কী পদক্ষেপ নেয়।


Exit mobile version