সঙ্গিনী দখলের দাবিকে কেন্দ্র করে দুই পূর্ণবয়স্ক পুরুষ হাতির মধ্যে তীব্র লড়াইয়ের জেরে মৃত্যু হলো একটি হাতির। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নাগরাকাটার সেন্ট্রাল ডায়না ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায়। (Jalpaiguri News)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় জঙ্গলের পাশের একটি জলাশয়ে একটি পূর্ণবয়স্ক হাতির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মী ও আধিকারিকরা এবং হাতিটির দেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, শুক্রবার গভীর রাতে ওই এলাকায় দুই হাতির তীব্র লড়াইয়ের বিকট শব্দ ও আর্তনাদ শোনা গিয়েছিল। সেই শব্দ এতটাই ভয়াবহ ছিল যে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দফতর আধিকারিকদের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গিয়েছে, মৃত হাতিটির শরীরের একাধিক জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। অনুমান করা হচ্ছে, দাঁতাল হাতির আক্রমণেই এই আঘাতগুলি লেগেছে।
বন দফতর সূত্রে আরও জানানো হয়েছে, সাম্প্রতিক অতীতে এই অঞ্চলে এমন ঘটনার নজির বিশেষ নেই। সঙ্গিনী দখলের লড়াইয়ে এই ধরনের প্রাণঘাতী পরিণতি বিরল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পুরো বিষয়টি নিশ্চিত করতে শনিবার রাতেই মৃত হাতিটির ময়নাতদন্ত করা হয়।
বন আধিকারিকদের প্রাথমিক অনুমান, সঙ্গিনী দখলকে কেন্দ্র করেই দুই পুরুষ হাতির মধ্যে তুমুল সংঘর্ষ হয় এবং তার ফলেই দাঁতালের আঘাতে ওই মাকনা হাতিটির মৃত্যু ঘটে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে চূড়ান্তভাবে জানা যাবে বলে জানিয়েছেন বন দপ্তরের কর্তারা।

