Site icon Hindustan News Point

চলছে তিন দিনের ‘জনকল্যাণ শিবির’, আমজনতাকে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই এই উদ্যোগ

Jan Kalyan Shivir

আমজনতাকে সরকারি প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতে আজ, সোমবার থেকে শুরু হয়েছে ‘জনকল্যাণ শিবির’ কর্মসূচি (Jan Kalyan Shivir)। তিনদিনের ওই কর্মসূচি ১৫ থেকে ১৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এই শিবির থেকে ৫৪ টি সরকারি প্রকল্পের পরিষেবা মিলবে। থাকবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। এলাকার শিবির সম্পর্কে বিস্তারিত জানতে পুরসভা অথবা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে । 
আসানসোল
পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্ণপুরের সম্প্রীতি ভবনে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, জেলাশাসক এস পোন্নাবলম-সহ প্রশাসনের আধিকারিকেরা। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, শিবিরের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৪ টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এলাকার মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। সরাসরি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ(Jan Kalyan Shivir)।
জেলাশাসক জানান, যেসব মহিলা ইতিমধ্যেই অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাঁদের এই শিবিরে এসে আবেদনের প্রয়োজন নেই। অনলাইনে জমা পড়া আবেদনপত্রগুলি যথাযথভাবে বিবেচনা করা হবে।

ঝাড়গ্রাম
জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড় ঝাড়গ্রামে। সোমবার ফিতা কেটে শিবির সূচনা করেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষীকান্ত সাউ। সরকারি জনমুখী প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই শিবির। শিবির ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন প্রকল্পের আবেদন, সংশোধন এবং সমস্যা সমাধানের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় বহু মহিলাকে। বিধবা ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার-সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে সুবিধা নিতে সমস্যার সম্মুখীন হওয়া সাধারণ মানুষ সমাধানের জন্য শিবিরে যোগ দেন।

শান্তিপুর
সরকারি নির্দেশ মতো নদিয়ার শান্তিপুর ব্লকের চলছে তিন দিনের জনকল্যাণ শিবির। শান্তিপুর ব্লকে ব্লক অফিস এবং বাগআঁচড়ায়-র শিবিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সোমবার সকাল থেকেই মানুষের দীর্ঘ লাইন দেখা যায় বিভিন্ন কাউন্টারে। বিভিন্ন প্রকল্পের কাউন্টারে থাকা কর্মীরা উপভোক্তাদের সমস্য সমাধনের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেন। সব থেকে বেশি ভিড় আয়ুষ্মান ভারতের লাইনে। কোনও রকমের বিশৃঙ্খলা এড়ায়ে শিবিরে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হয়।

জলপাইগুড়ি
রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে জলপাইগুড়ির শহর সহ ব্লক গুলিতে বিপুল উৎসাহের মধ্যে সোমবার জনকল্যান শিবিরের প্রথম দিনটি কাটলো। শিবির থেকে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভান্ডার সহ বিভিন্ন সরকারি পরিষেবার পাওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার এবং জলপাইগুড়ি সদর বিধায়ক অনন্ত দেব অধিকারী বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক পরিষেবা থেকে কেউ যাতে বঞ্চিত না হন – সেদিকে নজর দেওয়া হবে।

নন্দীগ্রাম
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় জনকল্যাণ শিবির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের আবেদন গ্রহণ, নথি যাচাই, সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজলভ্য ও স্বচ্ছ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের প্রয়োজনীয় সরকারি পরিষেবা দ্রুত ও সহজভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সাধারণ মানুষকে শিবিরের সুযোগ গ্রহণ করে প্রয়োজনীয় পরিষেবা ও সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার আহ্বান জানান।


Exit mobile version