Site icon Hindustan News Point

Kolkata Bomb Threat: কলকাতা সহ রাজ্যের একাধিক আদালত ওড়ানোর হুমকি, মেইল-ফোনে তটস্থ আইনজীবীরা

Kolkata Bomb Threat

মঙ্গলবার রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে (Kolkata Bomb Threat)। কলকাতার সিটি সিভিল কোর্ট থেকে শুরু করে আসানসোল জেলা আদালত, দুর্গাপুর মহকুমা আদালত এবং মুর্শিদাবাদ জেলা জজ অফিস—একাধিক জায়গায় বোমা রাখার হুমকি আসে ইমেল ও ফোনের মাধ্যমে। খবর ছড়াতেই আতঙ্কিত হয়ে পড়েন আইনজীবী ও আদালত চত্বরে উপস্থিত মানুষজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি হুমকি ইমেলে দাবি করা হয় সিটি সিভিল কোর্টে বোমা রাখা হয়েছে। সঙ্গে সঙ্গেই আদালত ভবন খালি করে দেওয়া হয় এবং স্নিফার ডগ ও বোমা নিষ্ক্রিয়কারী দল নিয়ে তল্লাশি শুরু হয়। এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। কে বা কারা এই মেল পাঠিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পঞ্চাননতলার পর তিলজলা, ফের কলকাতায় শ্যুটআউট

একই দিনে আসানসোল জেলা আদালত ও দুর্গাপুর মহকুমা আদালতেও বোমা থাকার দাবি করে হুমকি আসে। জেলা জজের মোবাইলে ফোন এবং ইমেল পাওয়ার পর আদালত চত্বর খালি করে তল্লাশি চালানো হয়। মুর্শিদাবাদেও জেলা জজ অফিসে হুমকি মেল পৌঁছয়, যেখানে আদালতে বিস্ফোরণের আশঙ্কা জানানো হয়। সেখানেও পুলিশ ও স্নিফার ডগ দিয়ে তল্লাশি চলছে।

পুলিশের প্রাথমিক অনুমান, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের ভুয়ো হুমকি দেওয়া হয়ে থাকতে পারে। সম্প্রতি দিল্লির স্কুলগুলিতে ধারাবাহিক ভুয়ো বোমা হুমকির ঘটনার পর এবার আদালতগুলিকে লক্ষ্য করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কয়েকদিন আগে কলকাতা থেকে শিলংগামী একটি বিমানে বোমা থাকার চিরকুট মিললেও তল্লাশিতে কিছু পাওয়া যায়নি।

সব মিলিয়ে আদালতগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তকারীরা ইমেলের উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন। ঘটনায় উদ্বেগ বাড়লেও প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


Exit mobile version