Site icon Hindustan News Point

KOLKATA BOOK FAIR: বিক্রিতে নয়া রেকর্ড বইমেলায়, বাড়ল পাঠকের ভিড়

KOLKATA INTERNATIONAL BOOKFAIR

‘এখন আর কেউ বই পড়ে না, সবাই সময় কাটায় রিলস দেখে’ এই প্রচলিত ধারণাকে কার্যত ভুল প্রমাণ করল ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

সদ্য শেষ হওয়া এই বইমেলা শুধু আবেগে নয়, পরিসংখ্যানেও জানিয়ে দিল বইয়ের প্রতি পাঠকের টান এখনও অটুট।৩ জানুয়ারি ছিল কলকাতা বইমেলার শেষ দিন। বইমেলা কর্তৃপক্ষের প্রকাশিত হিসাব অনুযায়ী, চলতি বছর বই বিক্রির পরিমাণ পৌঁছেছে ২৬.৪৫ কোটি টাকায়, যা গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। একই সঙ্গে দর্শকসংখ্যার নিরিখেও ভেঙেছে পূর্বের সব রেকর্ড। বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে।

তিনি জানান, আগামী বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলা তার সুবর্ণজয়ন্তী বর্ষে পা রাখতে চলেছে। সেই বিশেষ উপলক্ষ্যে বইমেলার ইতিহাসের ৫০ বছরের স্মৃতি, ছবি ও তথ্য নিয়ে এক বিশেষ আয়োজনের পরিকল্পনাও করা হচ্ছে। যাঁদের কাছে বইমেলার শুরুর দিকের স্মারক বা নথি রয়েছে, তাঁদের সেগুলি গিল্ডের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। KOLKATA BOOK FAIR

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, নতুন প্রজন্মের বিপুল উপস্থিতিই প্রমাণ করে দিয়েছে ডিজিটাল যুগেও বইয়ের আবেদন কমেনি। তিনি জানান, ১৯৭৬ সালে মাত্র ৩২ জন প্রকাশক নিয়ে যাত্রা শুরু করা এই বইমেলা আজ প্রায় ১১০০ প্রকাশকের মিলনক্ষেত্র।

বিশ্বজুড়ে যুদ্ধের অস্থির আবহ থাকা সত্ত্বেও এবছর বইমেলায় অংশ নিয়েছে ব্রিটেন, ইউক্রেন ও চিনের মতো দেশ। আগামী দিনে প্রতিবেশী আরও দেশকে যুক্ত করে আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

ঘণ্টা বাজিয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।তবে শেষ হলেও, এবারের বইমেলা এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেল- ডিজিটাল দুনিয়ার ভিড়েও বইয়ের জন্য পাঠকের হৃদয়ে জায়গা এখনও অটল। KOLKATA BOOK FAIR

Exit mobile version