Site icon Hindustan News Point

Kolkata Fire: মধ্য কলকাতার বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৫৫টি দোকান

Kolkata fire

শীতের বিকেলে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Kolkata Fire)। আজ অর্থাৎ, ৮ জানুয়ারি মধ্য কলকাতার ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে আগুন লাগে। বিকেল সাড়ে চারটে নাগাদ আগুন লাগে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই মোট ৫৫টি দোকান। বাজারের ভিতরে ও বাইরে থাকা অস্থায়ী দোকানকে মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে ফেলে। প্রাথমিকভাবে দমকল ও পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।

প্রতি বছরের মতো এ বছরও শীতের আগে এই বাজারে ভুটিয়া সম্প্রদায়ের ব্যবসায়ীরা শীতবস্ত্র বিক্রি করতে আসেন। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। আর এই সময়টা শীতের কাপড় কেনার জন্য বেশ ভিড় থাকে। কিন্তু হঠাৎ এই আগুনে কার্যত সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। (Kolkata Fire)

আগুন লাগার ছবি

এদিন আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে দমকলের চারটি ইঞ্জিন। চারদিক ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়, কিছুক্ষণের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। জায়গাটা ঘিঞ্জি হওয়ায় আতঙ্কের পরিমাণ আরও বাড়ে।

অগ্নিকাণ্ডের পর উঠে আসছে একাধিক বড় প্রশ্ন। বাজারে আদৌ কোনও অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কি না সেটা বড় প্রশ্ন। পাশাপাশি ঠিক কোথা থেকে আগুন ছড়াল এবং কীভাবে এত দ্রুত তা ভয়াবহ আকার নিল—সব দিক খতিয়ে দেখছে প্রশাসন। (Kolkata Fire)

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল কুমার। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেন তাঁরা। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর নেই, তবে আর্থিক ক্ষতির পরিমাণ যে বিপুল, তা বলাই বাহুল্য।

Exit mobile version