Site icon Hindustan News Point

Kolkata Fire: পঞ্চাননতলার পর তিলজলা, ফের কলকাতায় শ্যুটআউট

Kolkata Fire

সোমবার গভীর রাতে কলকাতার বেনিয়াপুকুর থানার তিলজলা রোড এলাকায় গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (Kolkata Fire)। গুলিবিদ্ধ হন ২৩ বছর বয়সি মহম্মদ নিয়াজ ওরফে রাজা নামে এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর পায়ে গুলি লাগে এবং গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, সোমবার সন্ধ্যায় একটি দোকানের সামনে নিয়াজের সঙ্গে মহম্মদ সলমন নামে এক যুবকের বচসা হয়। তখন এলাকার লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও গভীর রাতে ফের উত্তেজনা ছড়ায়। অভিযোগ, রাত প্রায় ১টা নাগাদ সলমন ও তার সঙ্গীরা নিয়াজের বাড়ির সামনে এসে চড়াও হয় এবং তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। দু’ থেকে ছয় রাউন্ড গুলি চলার অভিযোগ উঠেছে। গুলি চালিয়ে অভিযুক্তরা স্কুটিতে চেপে পালিয়ে যায়।

জঙ্গি সন্দেহে গ্রেফতার মালদহের যুবক, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, দাবি পরিবারের

এলাকার বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত যুবক ও তার গ্যাংয়ের বিরুদ্ধে আগেও নানা দুষ্কর্মের অভিযোগ রয়েছে, কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বেনিয়াপুকুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসেই দক্ষিণ কলকাতার কাকুলিয়া রোডে গুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছিল। তার আগে আনন্দপুর ও অন্যান্য এলাকাতেও অস্ত্র হাতে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। একের পর এক ঘটনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। ভোটের মুখে জনবহুল এলাকায় এমন গুলির ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

পুলিশের দাবি, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।


Exit mobile version