Site icon Hindustan News Point

Kolkata Metro: কিছু একটা পরিবর্তন এসেছে মেট্রোপথে, তাতে কি টানেল আতঙ্ক শেষ হবে?

Kolkata Metro

মে্ট্রোর ব্লু লাইনে টানেলে আটকে পড়লে দমবন্ধ আতঙ্ক বুঝি শেষ হলে চলেছে, চালু ব্যাটারি ব্যাকআপ। বিদ্যুৎ বিভ্রাট হলেও নিকটবর্তী স্টেশনে পৌঁছবে ট্রেন,জানালেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

দেশের প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়েছিল এই শহরেই। সেই পথেই আবার এক নতুন সংযোজন। বিদ্যুৎ বিভ্রাট বা গ্রিড বিকল হলেও যাতে টানেলের মধ্যে ট্রেন আটকে না পড়ে, সে জন্য ব্লু লাইনে চালু হল ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’ (বেস)। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই ব্যবস্থার ফলে আপৎকালেও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
মেট্রোর দক্ষিণ-উত্তর করিডোর, অর্থাৎ ব্লু লাইনে এই আধুনিক ব্যাটারি ব্যাকআপ চালু হয়েছে। কোনও কারণে বিদ্যুৎ সরবরাহে ছেদ পড়লে বা আচমকা গ্রিড বিপর্যয় ঘটলে, ওই ব্যাটারির সাহায্যে ট্রেন নিকটবর্তী স্টেশনে পৌঁছে যেতে পারবে। ফলে টানেলের অন্ধকারে দীর্ঘক্ষণ অপেক্ষার পরিস্থিতি এড়ানো যাবে। (Kolkata Metro)

কর্তৃপক্ষ জানিয়েছেন, দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক ভাবে ব্যাটারির সাহায্যে ট্রেন চালানো হয়েছে। সেই ট্রায়াল সফল হওয়ার পরই আনুষ্ঠানিক ভাবে পরিষেবায় যুক্ত করা হয়েছে এই ব্যবস্থা। আগে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে ট্রেন মাঝপথে থেমে যাওয়ার আশঙ্কা থাকত। নতুন প্রযুক্তিতে সেই ঝুঁকি অনেকটাই কমবে বলেই মনে করছে মেট্রো।

নতুন ব্যবস্থায় ‘রিজেনারেটিভ ব্রেকিং’ প্রযুক্তিও রয়েছে। ট্রেন ব্রেক কষার সময় যে শক্তি উৎপন্ন হয়, তা পুনরায় ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। ফলে এক দিকে যেমন আপৎকালীন পরিস্থিতি সামলানো যাবে, তেমনই শক্তি ব্যবহারের ক্ষেত্রেও দক্ষতা বাড়বে। (Kolkata Metro)

মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র জানিয়েছেন, যাত্রী নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী অন্য করিডোরেও একই ব্যবস্থা চালুর ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

সব মিলিয়ে, দেশের প্রাচীনতম মেট্রো পরিষেবায় এই প্রযুক্তি সংযোজনকে বড় পদক্ষেপ বলেই মনে করছে পরিবহণ মহল। যাত্রীদের স্বস্তি বাড়াতেই যে এই উদ্যোগ, তা স্পষ্ট। (Kolkata Metro)


Exit mobile version