এবার ডিম হামলা কুণাল ঘোষের উপর। তাও আবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই। প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)-কে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হল।
সোমবার বিকেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে বৈঠক সেরে বেরোচ্ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কুণালই প্রথম দিকে তাঁদের হাতে ডিম ছিল খেয়াল করেন। তাঁদের সঙ্গে বাতানুবাদও হয়। তারপরেই কুণালকে ডিম ছুড়ে মারা হয়। কিছুদিন আগেও যে এলাকা হাই-প্রোফাইল নিরাপত্তা বলয়ে মোড়া থাকত, সেখানে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে (Kunal Ghosh)।
জানা গিয়েছে, ওই যুবকের নাম চন্দন। ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই যুবক বলেন, “কুণাল ঘোষ জনগণের উপর কি কম অত্যাচার করেছেন? আজ উনি ডিম ছোড়ারই যোগ্য। সেই জন্যই ডিম ছুড়ে মেরেছি।” নিজেকে স্থানীয় বাসিন্দা বলেই দাবি করেছেন ওই বিক্ষোভকারী যুবক।
এই হামলার পরই প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন কুণাল ঘোষ। ক্ষুদ্ধ কুণাল বলেন, “এটা কোনও জনরোষ নয়, এটা পুরোপুরি গুন্ডামি এবং মস্তানি।” তিনি আরও বলেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট কোনও উদ্দেশ্য চরিতার্থ করতেই এই হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের উপর ‘ডিম হামলা’ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম হামলার পর থেকে রাজ্যের নানা প্রান্তে অনেক তৃণমূল নেতাই এই ধরনের আক্রমণের মুখে পড়ছেন। এবার তারই শিকার হলেন কুণাল ঘোষও।

