Site icon Hindustan News Point

Kurmali Language Oath: অনুবাদক নেই, বিধায়ক পদে শপথ নিতে পারছেন না জঙ্গলমহলের ৫ জয়ী প্রার্থী

Kurmali Language Oath

বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল থেকে বিজেপির টিকিটে জয়ী হওয়া পাঁচ কুড়মি প্রার্থী পড়েছেন মহা বিপদে। ভোটে জেতার পর এবার শপথ গ্রহণ নিয়ে সমস্যায় পড়েছেন তাঁরা। বিধানসভায় তাঁরা বিধায়ক পদে কুড়মালি ভাষায় শপথ নিতে চান। কিন্তু বিধানসভা সচিবালয়ে ওই ভাষায় শপথ বাক্য পাঠ করানোর মতো কোনও অনুবাদকই নেই। আর সেই কারণেই শুরু হয়েছে জটিলতা।

জঙ্গলমহলের ওই পাঁচজন বিধায়ক বিধানসভা সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের জানানো হয়, শপথ নেওয়ার জন্য বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু অথবা সাঁওতালি ভাষার মধ্যেই একটি ভাষা বেছে নিতে হবে। কুড়মালি ভাষায় শপথ পাঠের কোনও ব্যবস্থা বর্তমানে নেই। এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন জয়ী কুড়মি বিধায়করা। সমাজমাধ্যমেও তাঁরা নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। (Kurmali Language Oath)

উল্লেখ্য, দীর্ঘ আন্দোলনের পর তৃণমূল সরকারের আমলেই ২০১৮ সালে কুড়মালি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও বিধানসভা সচিবালয়ে সেই ভাষার কোনও অনুবাদক না থাকায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো এই প্রসঙ্গে বলেন, “তৃণমূল সরকার ২০১৮ সালে নোটিফিকেশন জারি করে আমাদের ভাষাকে স্বীকৃতি দিয়েছে। আর এখন দেখছি বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার অনুবাদক নেই। তাহলে তো সরকারি আদেশনামা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।”

জঙ্গলমহলে বিজেপির জয়ী পাঁচ কুড়মি বিধায়ক হলেন পুরুলিয়ার জয়পুরের বিশ্বজিৎ মাহাতো, বলরামপুরের জলধর মাহাতো, বাঘমুণ্ডির রহিদাস মাহাতো, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের রাজেশ মাহাতো এবং পশ্চিম মেদিনীপুরের শালবনির বিমান মাহাতো।

Ayushman Bharat : রাজ্যে চালু হলো আয়ুষ্মান ভারত, আপনি পাবেন? জেনে নিন আবেদনে শর্ত

এই বিষয়ে সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বিমান মাহাতো লিখেছেন, “কুড়মালি ভাষাতে শপথ গ্রহণের জন্য নিয়ম মেনে বিধানসভা সচিবালয়ে মেইল করি। সেই মেলের উত্তরে সচিবালয় জানায়, বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু ও সাঁওতালির মধ্যে শপথ পাঠের ভাষা বেছে নিতে হবে। পরে যোগাযোগ করে জানতে পারি, তৃণমূল সরকার কুড়মালি ভাষাকে সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিলেও সচিবালয়ে অনুবাদের কোনও ব্যবস্থাই রাখা হয়নি।” (Kurmali Language Oath)

তবে এখানেই থেমে থাকতে নারাজ বিজেপির ওই কুড়মি বিধায়করা। তাঁদের দাবি, তাঁরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে বিধানসভা সচিবালয়ের সহযোগিতায় কুড়মালি ভাষাতেই শপথ গ্রহণ করতে পারেন।


Exit mobile version