গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী জুন মাসের ১ তারিখ থেকেই রাজ্যে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। তবে কারা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছিল? এবার সেই প্রশ্নেরই সাফ সাফ উত্তর দিলেন সদ্য দায়িত্ব প্রাপ্ত পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তৃণমূলের জামানায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছিল লক্ষীর ভাণ্ডার প্রকল্প। গত বিধানসভায় এই প্রকল্পের জোরেই বিপুল সংখ্যায় মহিলাদের ভোট পেয়েছিল ঘাসফুল শিবির। তবে এবার পালা বদলেছে। বঙ্গে বিজেপি সরকার আসার আগেই তারা প্রতিশ্রুতি দিয়েছিল এবার থেকে রাজ্যে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষীর ভান্ডারে মাসিক ১৫০০ টাকা পেতেন জেনারেল কাস্টের মহিলারা, তফসিলি জাতি ও উপজাতির মহিলারা পেতেন ১৭০০ টাকা। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার এ মিলবে ৩০০০ টাকা। যারা লক্ষীর ভাণ্ডার পেতেন সকলেই কি এই নয়া প্রকল্পের ৩০০০ টাকা পাবেন? উত্তরে অগ্নিমিত্রা জানান, হ্যাঁ। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় টাকা পেতেন সকলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। তবে আগে যে সমস্ত নাম বাদ গিয়েছিল তারাও নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। (Lakshmir Bhandar)
বিধানসভা নির্বাচনের আগে SIR নিয়ে নানান সমস্যা তৈরি হয়েছিল। এই বিশেষ ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় যে সমস্ত মহিলাদের নাম বাদ গিয়েছিল তারা কি রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় আসবেন? অগ্নিমিত্রা পাল জানান, যারা দেশের বৈধ নাগরিক এবং যারা এখনো ট্রাইবুনালে জড়িয়ে রয়েছেন তারা সকলেই এই প্রকল্পের টাকা পাবেন। তবে যারা দেশের নাগরিক নন যারা বাংলাদেশী বা যাদের কাছে বৈধ নথিপত্র নেই তারা এই সুবিধা পাবেন না।
উল্লেখ্য, তৃণমূলের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে নিকটবর্তী ক্যাম্পেই বিভিন্ন প্রকল্পের ফর্ম দেওয়া এবং জমা নেওয়া হতো। এখন সরকার পাল্টেছে তাহলে কি এখনো আবেদনের পদ্ধতি একই থাকবে? নয়া মন্ত্রী জানালেন, দুয়ারে সরকারের মতো কোনও ব্যবস্থা থাকবে কিনা সে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেবেন। তবে এখন থেকে বেশিরভাগ প্রকল্পের আবেদনই অনলাইন মারফত হবে। (Lakshmir Bhandar)
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিলজলা ঘটনা নিয়েও সরব হন অগ্নিমিত্রা। তিনি বলেন বেআইনি বা অবৈধ নির্মাণগুলি নিয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। এছড়াও নগরোন্নয়ন এবং নারী সুরক্ষা দফতরের দায়িত্ব এখন তাঁর কাঁধে থাকায় তিনি এ রাজ্যের মহিলাদের আশ্বস্ত করে বলেন যে, এবার থেকে তারা যখন যেখানে খুশি যেতে পারে, যে কোনও পোশাক পরতে পারে। আগের সরকারের মতো কেউ তাদের স্বাধীনতায় বাধা দিতে আসবে না। এছাড়া যে সমস্ত পুরসভাগুলিতে এতদিন ধরে নির্বাচন বাকি ছিল সেগুলিও যত দ্রুত সম্ভব করানো হবে।
মোটের ওপর অগ্নিমিত্রা পালের কথা থেকে স্পষ্ট, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে যে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি, অব্যবস্থার ছবি এতদিন ধরে দেখা যেত সেগুলি সব সাফ করতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে খুব শীঘ্রই সেই সমস্ত কাজ সম্পন্ন করা হবে। (Lakshmir Bhandar)

