একলাফে ৬০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। আগেই মূল্য বৃদ্ধিতে জেরবার ছিল মধ্যবিত্ত। তার উপরে এই গ্যাসের দাম বৃদ্ধি। কার্যত সংসারের হাল টানতে নাভিশ্বাস উঠেছে যাওয়ার উপক্রম। এই গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে এক অভিনব প্রতিবাদে সরব হন চুঁচুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মহিলারা। (LPG Gas price)
আন্তর্জাতিক নারী দিবসের দিন অর্থাৎ রবিবার সকালে এলাকার মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রেখে তার পাশেই কাঠকয়লার উনুন জ্বালিয়ে দেখানো হয় বিক্ষোভ। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানান বিক্ষোভকারীরা।
প্রতিবাদে কোনও দলীয় পতাকা দেখা যায়নি। তবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বরা। উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত। বিক্ষোভে অংশ নেওয়া মহিলাদের বক্তব্য, সংসারের হেঁসেল সামলানোর প্রধান দায়িত্ব থাকে বাড়ির মহিলাদের উপরেই। হঠাৎ করে গ্যাসের দাম ৬০ টাকা বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত পরিবারের বাজেটে চাপ পড়েছে। (LPG Gas price)
তাঁদের দাবি, পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে রান্নার খরচও স্বাভাবিকভাবেই বাড়বে। ফলে সংসার চালানো আরও কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। কিছু মহিলার অভিযোগ, রাজ্য সরকার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ ভাতা বাড়ালেও কেন্দ্র সরকার গ্যাসের দাম বাড়িয়ে সেই অর্থের উপরই পরোক্ষভাবে চাপ সৃষ্টি করছে।
গ্যাসের মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

