মনোনয়নপত্র জমা দিয়েই ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুরে নমিনেশন দিয়েই সোজা চলে যান আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্সে। আর সেখান থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে সোজাসুজি আক্রমন করলেন প্রধানমন্ত্রী ও বিজেপিকে। দিন কয়েক আগেই কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।
তিনি বলেছিলেন, “ভারত যদি ভবিষ্যতে কোনও মিথ্যা অজুহাতে পাকিস্তানে অভিযান চালায়, তবে আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব”। আর খোয়াজার এই দাবি নিয়ে প্রথম থেকেই বিভিন্ন সভায় সোচ্চার হচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আবার তিনি এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন। তাঁর প্রশ্ন, কেন পাকিস্তান হুমকি দিলেও চুপ করে রয়েছে ভারত?
পাশাপাশি তিনি আজ SIR নিয়েও বিজেপি এবং কমিশনকে আক্রমণ করতে ছাড়েননি। তিনি দাবি করেন, “এতগুলো মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। এটার বিরুদ্ধে আবার কোর্টে যাওয়া উচিত”। পাশাপাশি তাঁর প্রশ্ন, কেন ট্রাইবুনালে আবেদন করার সুযোগ না দিয়ে প্রথম ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হলো?
এ দিন আরামবাগে ঢালাও প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee)। তিনি জানান, সব বাড়ি পাকা করে দেওয়া হবে। কোনও কাঁচা বাড়ি থাকবে না। এছাড়া লক্ষ্মীর ভান্ডার সারা জীবন মিলবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া আলু চাষিদেরও বার্তা দেন মমতা। তিনি জানান, সরকার আলু কিনছে। মিড ডে মিল, আইসিডিএস-এর জন্য আলু কেনা হচ্ছে। আর কোনও চাষি চাইলে বাইরেও আলু কিনতে পারে। তিনি বলেন, ‘লুকিয়ে লুকিয়ে কিছু আরএসএস-এর লোক, ত্যাগী থেকে ভোগী হয়ে গিয়েছে। তাঁরা আপনাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইবে। একবারে দেবেন না। এই ভুলটা করবেন না। ভোটের পর সব টাকা তুলে নেবে।’

