মুখ্য নির্বাচন কমিশনার বিরুদ্ধে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজধানীর রাজপথে দাঁড়িয়ে মমতার প্রশ্ন, ‘কেন টার্গেট বাংলা?’ তিনি বলেন, ‘আমাদের অপমান করা হয়েছে। এমন কমিশন জীবনে দেখিনি!’
সোমবার বিকেল চারটা নাগাদ নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘণ্টাখানেকের বৈঠকের পর, নির্বাচন সদনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন ক্ষুব্ধ মমতা। সুর চড়িয়ে বললেন, ‘আমি চারবারের মন্ত্রী, সাতবারের সাংসদ ছিলাম, আমি কখনও এরকম নির্বাচন কমিশন দেখিনি। উদ্ধত, মিথ্যেবাদী।’ মমতার দাবি, অনেক দিন দিল্লিতে রাজনীতি করেছেন। মন্ত্রীও ছিলেন।
কমিশনের এআই প্রযুক্তি ব্যবহার নিয়েও ক্ষোভ উগরে দেন মমতা। প্রশ্ন তোলেন সীমা খান্না কে? নির্বাচন কমিশনের কেউ নন। বিজেপির আইটি সেলের। বিজেপির ইশারায় কাজ করছে কমিশন। জেনে বুঝেই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবারই রাজধানীতে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এসআইআর আতঙ্কে নিহতদের পরিবারের সদস্যরাও ছিলেন। প্রতীকী হিসেবে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে। তাঁরা বঙ্গভবনে ছিলেন। সোমবার সকাল থেকেই আচমকা বাড়ানো হয় বঙ্গভবনের নিরাপত্তা। ব্যারিকেড করা হয় বঙ্গভবনের বাইরে। হঠাৎই দিল্লি পুলিশের অতিসক্রিয়তা ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা। সাংবাদিকদের ডেকে পুলিশি অতিসক্রিয়তা বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাংলার মুখ্যমন্ত্রী।
মমতা হুঁশিয়ারি দিয়েছেন, কমিশন সংশোধিত পদক্ষেপ না-করলে আরও বেশি সংখ্যক লোক নিয়ে দিল্লিতে অভিযান করবেন। কমিশন যা ইচ্ছা করুক, তিনি ময়দানে রাজনৈতিক লড়াই লড়ে নেবেন।

