Site icon Hindustan News Point

Mamta Banerjee : ‘রাজনৈতিক ষড়যন্ত্র’, আমলা বদলি নিয়ে কমিশনকে তোপ মমতার

Mamta Banerjee

রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই একের পর এক প্রশাসনিক পদে রদবদল করেছে কমিশন। সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিব থেকে শুরু করে স্বরাষ্ট্রসচিব, একাধিক আইপিএস অফিসার-সহ ডিজি, সিপিদের। এই অবস্থায় রাজ্যের ১৯ জন অপসারিত আইপিএস অফিসারকে নতুন দায়িত্বে নিয়োগ করতে চেয়েছিল রাজ্য। কিন্তু বুধবার রাতে নতুন নির্দেশিকা জারি করে সেই পুনর্বহালও বাতিল করল কমিশন। ওই আধিকারিকদের মধ্যে ১৫ জন আইপিএস-কে ভিনরাজ্যের দায়িত্বে পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের এই নির্দেশের পর ফের আরও একবার পুলিশকর্তাদের বদলি নিয়ে সরব হলেন মমতা (Mamta Banerjee) । বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন।

সমাজমাধ্যমে পোস্ট করে কমিশনকে নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন বাংলাকে টার্গেট করে নজিরবিহীন পদক্ষেপ করছে। ভোটের আগে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি সহ ৫০-এর বেশি শীর্ষ আধিকারিককে সরানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। প্রশাসনিক নয়, এটি উচ্চস্তরের রাজনৈতিক হস্তক্ষেপ বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এছাড়াও নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যা সংবিধানের উপর আঘাত আনবে বলে মন্তব্য করেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, IB,STF,CID-র মত গুরুত্বপূর্ণ সংস্থার অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির বিরুদ্ধে বাংলাকে দখল করার জন্য ভয় দেখানো ও প্রশাসনিক অপব্যবহারের অভিযোগ এনেছেন তিনি। শুধুতাই নয়, এই দীর্ঘ পোস্টে, এসআইআর- প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ২০০-র বেশি মৃত্যুর প্রসঙ্গ এনে উদ্বেগপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক স্বার্থে পরিচালিত হওয়ার অভিযোগ তুলেছেন।

এই আবহে স্বাভাবিক ভাবেই কমিশনের নয়া নির্দেশিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। নবান্নের (Mamta Banerjee) তরফে পুনর্বহালের নির্দেশিকা জারির কয়েক ঘণ্টার মধ্যেই কেন তড়িঘড়ি তাঁদের ভিনরাজ্যে বদলি করা হল -তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পাশাপাশি প্রশিক্ষণ ছাড়াই কেন তড়িঘড়ি তাঁদের পর্যবেক্ষকের দায়িত্বে নিয়োগ করা হচ্ছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও প্রশিক্ষণ বাধ্যতামূলক না বলে দাবি করেছে কমিশন।


Exit mobile version