Site icon Hindustan News Point

Narendra Modi: মুখে ‘জয় মা কালী’ স্লোগান, বাংলার জন্য খোলা চিঠি নরেন্দ্র মোদীর

Narendra modi

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মানুষের মন জয়ের লক্ষ্যে বড় রাজনৈতিক বার্তা দিল বিজেপি। ‘জয় মা কালী’ দিয়ে শুরু করে রাজ্যের ঘরে ঘরে খোলা চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। চিঠিতে তিনি ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ার অঙ্গীকারের পাশাপাশি দুর্নীতি, অপশাসন ও বঞ্চনার অভিযোগ তুলে ধরেছেন।

চিঠির শুরুতেই মোদী লিখেছেন, বাংলার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। তাঁর দাবি, গত ১১ বছরে কেন্দ্র সরকার যুবক, কৃষক ও মহিলাদের উন্নয়নে কাজ করেছে। তৃণমূল সরকারের ‘অসহযোগিতা’ সত্ত্বেও জনধন যোজনা, স্বচ্ছ ভারত অভিযান, অটল পেনশন যোজনা, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত ও কৃষক সম্মান নিধির মতো প্রকল্পের সুবিধা রাজ্যের কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছে। তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার পরে দেশের অর্থনীতিতে বাংলার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু বর্তমানে রাজ্যের অবস্থা দেখে তিনি ব্যথিত।

চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ ও ঋষি অরবিন্দের নাম উল্লেখ করে বাংলার ঐতিহ্যের কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি ‘ভোটব্যাঙ্ক রাজনীতি’, হিংসা ও তোষণনীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মোদী। সিএএ-র কথাও তুলে ধরে শরণার্থীদের নাগরিকত্বের আশ্বাস দিয়েছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ও বড় জনসভা আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবেই এই চিঠি। ইতিমধ্যেই বাংলায় সফর বাড়িয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তবে এই চিঠি ভোটারদের কতটা প্রভাবিত করবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তৃণমূলের দাবি, এতে কোনও লাভ হবে না।

সব মিলিয়ে, ভোটমুখী বাংলায় রাজনৈতিক লড়াই আরও তীব্র হচ্ছে। প্রধানমন্ত্রী সরাসরি বার্তা দিয়ে পরিবর্তনের ডাক দিলেও, শেষ পর্যন্ত বাংলার মানুষ কী সিদ্ধান্ত নেবেন, সেটাই এখন বড় প্রশ্ন।


Exit mobile version