Site icon Hindustan News Point

বাংলায় রেল উন্নয়নে বরাদ্দ ১ লক্ষ কোটির, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর

New Railway Projects

বহুদিন ধরেই বাংলায় বেশ কিছু রেল প্রকল্পের কাজ নানা কারণে আটকে ছিল। পরিকল্পনার জটিলতা, জমি সংক্রান্ত সমস্যা এবং অর্থ বরাদ্দের অভাবে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতিও থমকে গিয়েছিল। তবে এবার রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন করে রেল উন্নয়নের রূপরেখা সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতায় এসে মেট্রো চড়ে রাজ্য সফর শুরু করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এরপরই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের পর বাংলার রেল পরিকাঠামো নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে আসে।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, আগের সরকারের সঙ্গে কেন্দ্রের যুদ্ধ যুদ্ধ ভাব ছিল। সেই কারণে রেলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে রাজ্যের মানুষ বঞ্চিত হয়েছেন। তবে এবার কেন্দ্র এবং রাজ্যের মিলিত উদ্যোগে বাংলার রেল পরিকাঠামোয় বড় পরিবর্তন দেখা যাবে। একই সুর শোনা যায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্যেও। বিশেষ করে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজে গাফিলতির জন্যেও তৃণমূল সরকারকেই কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। (New Railway Projects)

এদিনের বৈঠকে যে বিষয়গুলি উঠে আসে তার মধ্যে অন্যতম হলো রাজ্যে রেল সংক্রান্ত প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে রেল সংক্রান্ত প্রায় ১ লক্ষ কোটিরও বেশি টাকার কাজ হওয়ার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে নতুন রেললাইন নির্মাণ, স্টেশন আধুনিকীকরণ, আন্ডারপাস ও উড়ালপুল তৈরি এবং মেট্রো সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ রয়েছে। তাঁর দাবি, বাংলায় তৈরি হবে ১০২টি অমৃত ভারত স্টেশন, নির্মাণ করা হবে ৫৩৮টি আন্ডারপাস ও উড়ালপুল।

রেল প্রকল্প দ্রুত এগিয়ে নিয়ে যেতে জমি সংক্রান্ত সমস্যার সমাধানের দিকেও জোর দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, আন্ডারপাস নির্মাণের জন্য ইতিমধ্যেই ৪০টিরও বেশি ক্ষেত্রে রেলকে প্রয়োজনীয় NOC দেওয়া হয়েছে। তিনি বলেন, “BSF-র মতো রেলকেও জমি দেবে রাজ্য সরকার। যেখানে যেখানে প্রয়োজন, যেমন যা জমি লাগবে, রাজ্য রেলকে দেবে।” (New Railway Projects)

এদিন বিশেষ নজর দেওয়া হয় চিংড়িঘাটা মেট্রো প্রকল্পেও। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ পরিদর্শনে যাবেন। দীর্ঘদিন ধরে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে এই মেট্রো সম্প্রসারণ। প্রশাসনের মতে, প্রকল্পটি সম্পূর্ণ হলে কলকাতা ও সংলগ্ন শহরতলির যানজট অনেকটাই কমবে।

‘ইস্তফার হিড়িক, তৃণমূল কোনটা আসল কোনটা নকল বোঝাই মুশকিল’, বিস্ফোরক দিলীপ ঘোষ

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই উত্তরবঙ্গকে সব ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্যদের তালিকা থেকেই সে কথা স্পষ্ট। এবার রেলের প্রকল্পের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল উত্তরবঙ্গের প্রসঙ্গ। তাঁর কথায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহল- সব জায়গাতেই রেল প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। (New Railway Projects)

সব মিলিয়ে নবান্নের এই বৈঠকের পর বাংলার রেল পরিকাঠামোয় বড় বিনিয়োগ এবং দ্রুত কাজ এগোনোর সম্ভাবনা তৈরি হয়েছে বলেই মনে করছে প্রশাসনিক মহল। এখন দেখার আজকের বৈঠকের ঘোষণা অনুযায়ী আগামীদিনে এই রাজ্যে রেল পরিষেবার ঠিক কতটা উন্নতি হয়।


Exit mobile version