নববর্ষের বিকেলে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণবঙ্গে রয়েছে কালবৈশাখীর সতর্কতা। চৈত্রের শেষে নববর্ষের দিনে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম ও অস্বস্তিকর আর্দ্রতায় নাজেহাল অবস্থা হয়ে উঠেছে। সকাল থেকেই তীব্র রোদে মানুষের দুর্ভোগ বেড়েছে। এর ফলে অনেকে সকাল সকাল পুজো সেরে নিয়েছেন। তবে বিকেলের পর আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। (New Year weather)
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। (New Year weather)
বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে। কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, দিনের তাপমাত্রা বেশি থাকলেও বিকেলের পর মেঘ জমে আবহাওয়ার পরিবর্তন ঘটবে।
তাপমাত্রা কিছুটা কমলেও বজ্রঝড়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বিকেলের পর বাইরে বের হলে সতর্কে থাকতে বলা হয়েছে। ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। (New Year weather)
শুধু আজ নয়, আগামী বৃহস্পতিবার ও শুক্রবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ও রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।
তবে আবহাওয়ার এই বদল কিছুটা স্বস্তি দিলেও দুপুরের গরম ও আর্দ্রতার অস্বস্তি থেকে এখনই মুক্তি মিলছে না। তাই প্রয়োজন ছাড়া রোদে না বেরনোই বুদ্ধিমানের কাজ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

