Site icon Hindustan News Point

NH Strike: হোটেলের আড়ালে অবৈধ কাজকর্ম! বন্ধের দাবিতে জাতীয় সড়কে অবরোধ পূর্ব মেদিনীপুরে

NH Strike

দীর্ঘদিন ধরেই হোটেল চালানোর আড়ালে নানা অবৈধ কাজ চলছে বলে অভিযোগ উঠছিল। প্রথমে কানাঘুষো, পরে জানাজানি হতেই গ্রামবাসীরা সরব হয়। হোটেল বন্ধের দাবিতে প্রতিবাদ জানাতে গিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক – ২ গ্রাম পঞ্চায়েতের রামতরক এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, রামতরক এলাকায় লাবণ্য নামে একটি হোটেল রয়েছে। হোটেল চালানোর আড়ালে সেখানে নানা অবৈধ কাজকর্ম চলে বলে অভিযোগ গ্রামবাসীদের। যার প্রভাব সমাজে গিয়ে পড়ছে। এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। হোটেল কর্তৃপক্ষের কাছে এ নিয়ে দরবার করলেও কোনও ফল মেলেনি বলে জানিয়েছেন বাসিন্দারা।

রাস্তা অবরোধ স্থানীয়দের


অবশেষে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন মানুষজন। হোটেলটি অবিলম্বে সিল করার পাশাপাশি মালিককে গ্রেফতারের দাবি জানান তাঁরা। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সঙ্গে হোটেলের দুটি প্রবেশদ্বার বাঁশ দিয়ে ঘিরে দেন বিক্ষোভকারীরা।

রাস্তা অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ব্যাপক যানজট হয়। চরম ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। দীর্ঘক্ষণ জাতীয় সড়কে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিক্ষোকারীদের সঙ্গে কথা বলে। দীর্ঘ আলোচনার পর প্রশাসনের তরফ থেকে হোটেল সিল করার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।


Exit mobile version