Site icon Hindustan News Point

শুধু শওকত নয়, নজরুল আলি মণ্ডলকে গ্রেফতারের দাবি বিধায়ক দেবাশিস ধরের

Debashis Dhar

NIA-র হাতে শওকত মোল্লার গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। কামালগাজি এলাকা থেকে শওকত মোল্লাকে গ্রেফতারের পর সোনারপুর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবাশিস ধর একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপরাধমূলক এবং দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত একটি বৃহৎ চক্র এলাকায় সক্রিয় রয়েছে এবং সেই চক্রের অন্যতম ব্যক্তি নজরুল আলি মণ্ডল। উল্লেখ্য, নজরুল আলি মণ্ডল হলেন সোনারপুর উত্তরের প্রাক্তন বিধায়ক ফিরদৌসী বেগমের স্বামী। (Debashis Dhar)

হিন্দুস্তান নিউজ পয়েন্টকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেবাশিস ধর বলেন, ‘শওকত মোল্লা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে থাকলেও তাঁকে ধরতে সময় লেগেছে।’ তাঁর অভিযোগ, শওকত মোল্লা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে বহুদিন ধরেই সন্ত্রাস, বোমাবাজি, রাজনৈতিক হিংসা এবং সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে। এমনকি ভোট-পরবর্তী হিংসার একাধিক ঘটনার নেপথ্যেও এই ধরনের ব্যক্তিরা জড়িত বলে দাবি করেন তিনি।(Debashis Dhar)

‘মানুষের সমস্যা সমাধানই লক্ষ্য’, মন্ত্রিত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তাপসের

বিজেপি বিধায়কের আরও অভিযোগ, নরেন্দ্রপুর থানা এবং স্থানীয় প্রশাসনের একাংশের বিরুদ্ধে তিনি একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানিয়েছেন। তাঁর বক্তব্য, নজরুল আলি মণ্ডলকে ঘিরে যে অভিযোগগুলি রয়েছে, সেগুলি নিয়ে যথাযথ পদক্ষেপ হয়নি। কেন এখনও গ্রেফতারি হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি। (Debashis Dhar)

দেবাশিস ধরের দাবি, NIA সাধারণত দেশবিরোধী কর্মকাণ্ড এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তদন্ত করে। সেই কারণে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের NIA-র হাতে গ্রেফতার হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও রাজনৈতিক অভিযোগ তোলেন এবং দাবি করেন, রাজ্যের বিভিন্ন বিতর্কিত ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা শাসকদলের আশ্রয়প্রাপ্ত। (Debashis Dhar)


Exit mobile version