Site icon Hindustan News Point

Nipah Virus: রাজ্যে অব্যাহত নিপা আতঙ্ক, আক্রান্ত দুই নার্সের একজনের অবস্থা আশঙ্কাজনক!

nipah

রাজ্যে ইতিমধ্যে চিকিৎসকদের কপালে ভাঁজ ফেলেছে নিপা ভাইরাস। বারাসাতের যশোর রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিপা সংক্রমণের সন্দেহে দু’জন নার্সকে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে এক জনের রিপোর্ট ইতিমধ্যেই পজিটিভ এসেছে। বুধবার সকালে ওই মহিলা নার্সের শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে কোমায় রয়েছেন। Nipah Virus

অন্যদিকে, আক্রান্ত পুরুষ নার্সের অবস্থা তুলনামূলকভাবে কিছুটা স্থিতিশীল। তিনিও ভেন্টিলেশনে রয়েছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে খবর। ওই দুই নার্সই একই বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন এবং হৃদয়পুর এলাকায় থাকতেন।

মহিলা নার্সের বাড়ি কাটোয়ায়। অসুস্থ হওয়ার পর প্রথমে তিনি কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করান। সেই সূত্রে সেখানে তাঁর সংস্পর্শে আসা মোট আট জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অন্যদিকে, বারাসাতের ওই বেসরকারি হাসপাতালের ২২ জন স্টাফকে আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, যদিও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই ওই হাসপাতালে পরিদর্শনে গিয়েছেন রাজ্য ও কেন্দ্রের স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আক্রান্ত নার্সদের সংস্পর্শে আসা অন্তত ১৪ জনের রক্তের নমুনা পরীক্ষার জন্য এইমস-এ পাঠানো হয়েছে। পাশাপাশি কাটোয়া ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেও বহু ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। Nipah Virus

এছাড়াও মঙ্গলবার দুপুরের পর ওই হাসপাতালের এক আরএমও (RMO) একই ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হন। তাঁর রক্তের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফলের অপেক্ষায় রয়েছে স্বাস্থ্য দফতর।

নিপা ভাইরাস নিয়ে ইতিমধ্যেই সতর্ক রাজ্য প্রশাসন। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। Nipah Virus


Exit mobile version