Site icon Hindustan News Point

Nipah Virus West Bengal Cases: বারাসতের হাসপাতালেই থামল জীবনযুদ্ধ, রাজ্যে প্রথম নিপা আক্রান্তের মৃত্যু

Nipah Virus West Bengal Cases

রাজ্যে চলতি মরশুমে প্রথম নিপা ভাইরাসে (Nipah Virus West Bengal Cases) আক্রান্ত রোগীর মৃত্যু হল। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরুণী নার্স সৌমি রায় চৌধুরী (২৫)। দীর্ঘ ৩৯ দিন ধরে তাঁর চিকিৎসা চলছিল।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বছরের শুরুতেই উত্তর ২৪ পরগনায় নিপা সংক্রমণের খবর সামনে আসে। ইংরেজি নববর্ষের ছুটিতে বাড়ি যাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন সৌমি। প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে বারাসতের কর্মস্থলের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরীক্ষায় তাঁর শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। একই হাসপাতালে এক ব্রাদার নার্সও সংক্রমিত হলেও তিনি চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

সৌমির শারীরিক অবস্থা ক্রমশ জটিল হয়ে ওঠে। দীর্ঘ সময় ভেন্টিলেশনে থাকার পর জানুয়ারির শেষে তাঁকে সাপোর্ট থেকে বের করা হলেও তিনি কোমায় ছিলেন। অটোনোমিক নার্ভাস সিস্টেম ঠিকমতো কাজ করছিল না, ইমিউনিটি কমে গিয়েছিল। ফুসফুসে সেকেন্ডারি সংক্রমণও ধরা পড়ে। যদিও পরে তিনি নিপামুক্ত হয়েছিলেন বলে জানা যায়, হৃদরোগ ও সংক্রমণজনিত জটিলতাই শেষ পর্যন্ত মৃত্যুর কারণ বলে হাসপাতাল সূত্রে খবর।

নিপা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই কড়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ২১ দিন পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকেরা সতর্ক করছেন—বাদুড়ের কামড় দেওয়া ফল, খেজুরের রস বা রাস্তার কাটা ফল এড়িয়ে চলাই নিরাপদ। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে স্বাস্থ্য দপ্তর।


Exit mobile version